শুক্রবারই কসবা কলেজে ঘটনার পুনর্নির্মাণ হয়। কলেজের গার্ডরুম ও ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয় মনোজিৎ-সহ আরও দুই অভিযুক্তকে।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 July 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে (Kasba Law College Incident) গণধর্ষণের ঘটনায় সিকিউরিটি গার্ড (Security Guard) বাদে বাকি তিন অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছিল আদালত। অভিযুক্ত রক্ষীকে ৪ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন সেই মেয়াদ বাড়ানো হল।
শুক্রবার আদালত জানিয়েছে, ওই নিরাপত্তারক্ষী আগামী ৮ জুলাই, মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন। অর্থাৎ আরও ৪ দিন বাড়ানো হল তাঁর হেফাজতের মেয়াদ। এদিন ওই রক্ষীর পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে আলিপুর আদালতে হাজির করানো হলে এই নির্দেশ দেওয়া হয়।
গত ২৫ জুন কসবার ল কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ ওঠে কলেজের প্রাক্তনী তথা আলিপুর আদালতের আইনজীবী মনোজিৎ মিশ্র, কলেজের দুই পডু়য়া জইব এবং প্রমিতের বিরুদ্ধে। অভিযোগের পরই পুলিশ ধৃতদের গ্রেফতার করে। ওই ঘটনায় পরে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণে সাহায্য করার অভিযোগ রয়েছে।
শুক্রবারই কসবা কলেজে ঘটনার পুনর্নির্মাণ হয়। কলেজের গার্ডরুম ও ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয় মনোজিৎ-সহ আরও দুই অভিযুক্তকে। নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে যাওয়া হয়েছিল। ২৫ জুন কোথায় কীভাবে চলেছে যৌন নির্যাতন তা জানতেই এই পদক্ষেপ পুলিশের।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই নির্যাতিতাকে ঘটনাস্থলে আনা হয়েছিল। এবার অভিযোগকারিণীর দেওয়া তথ্য ও ঘটনাক্রম মিলিয়ে দেখতে ঘটনাস্থল খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। দেখা হচ্ছে সেদিনের সিসিটিভি ফুটেজও।