“মেয়েটি যদি ওখানে না যেত…” মদন মিত্রর এই মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয় রাজ্য রাজনীতিতে। দল তাঁকে শোকজ করে।

মদন মিত্র।
শেষ আপডেট: 4 July 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: কসবা গণধর্ষণকাণ্ডে (Kasba Law College Incident) বিতর্কিত মন্তব্য করে দলের ভর্ৎসনার মুখে পড়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
“মেয়েটি যদি ওখানে না যেত…”তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয় রাজ্য রাজনীতিতে। দল তাঁকে শোকজ করে। তাতেই কি মত বদল? শুক্রবার প্রকাশ্যে সেই ইঙ্গিতই দিলেন মদন। বললেন, “ওই ছেলেটি যেন কঠোরতম শাস্তি পায়, এটাই ইশ্বরের কাছে প্রার্থনা করি।”
iত ২৫ জুন সন্ধেয় কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের গার্ডরুমে শাসকদলের ছাত্রনেতার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগকারিণীও একই ছাত্র সংগঠনের কর্মী। পরদিনই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে মনোজিৎ মিশ্র সহ আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় প্রথম থেকেই রাজনৈতিক চাপানউতোর ছিল তুঙ্গে। বিশেষ করে শাসকদলের কয়েকজন মুখ্য নেতা মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন। মদনের পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সমালোচিত হন। তবে দল শোকজ করে শুধুই মদন মিত্রকে। প্রশ্ন উঠেছে— একই ধরনের মন্তব্য করেও কেন শোকজের মুখে পড়লেন শুধু মদন? এ ব্যাপারে অবশ্য কামারহাটির বিধায়ক কোনও মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, কসবা কাণ্ডের পর মদন বলেছিলেন, "মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটত না। গেছিল যখন অন্তত কয়েকজন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারত। তাহলে এমন হত না। অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে।"
এরপরই দলের প্রশ্নবাণের মুখে পড়েন। য়ার নিট ফল, তাঁর আগের বক্তব্যের ছায়াও নেই শুক্রবারের মন্তব্যে।মদনের ভাষায়, “পরিবার যেন বিচার পায়। ওর (অভিযুক্তের) যেন দৃষ্টান্তমূলক সাজা হয়।”