পুজো প্যান্ডেল নিয়েও থাকছে রেগুলার ভিজিট, জয়েন্ট টিম করে নজরদারি চলবে বলেও জানান মেয়র।
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 13 August 2025 21:48
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata Corporation) আধকাঠা বা তার চেয়েও কম জায়গায় বাড়ি তৈরির পথ অবশেষে খুলল। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন বিল্ডিং রুলস সংশোধনের (Plan sanctions under new building rules) ৪৮ ঘণ্টার মধ্যেই এদিন পুরসভার মেয়র পরিষদের বৈঠকে ছোট জমিতে বাড়ি তৈরির পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত কার্যকর হল।
মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়ে দিলেন, “আজ বুধবার থেকেই স্যাংশন দেওয়া শুরু হল। এতদিন নিয়মে বাধা ছিল, এবার সেই বাধা কাটল।”
এদিনের বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার যেসব রাস্তায় পিচ বসানো সম্ভব নয়, সেখানে জল জমে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। সেইসব ডাউন রাস্তা ঢেকে দেওয়া হবে পেভার ব্লকে। মেয়র জানান, “পিচ রাখা যাচ্ছে না যেখানে, সেখানে পেভার ব্লক বসানো হবে। কাজ দ্রুত শুরু হবে।”
পুরসভার দাবি, জলপ্রকল্পেও মিলেছে গতি। ধাপা এবং গড়িয়া ঢালাই ব্রিজের অধীনে চলা জলপ্রকল্পের কাজ শেষ হবে জানুয়ারির মধ্যেই। পাশাপাশি নতুন বুস্টার পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনাও সিলমোহর পেয়েছে এদিনের বৈঠকে।
খিদিরপুরে মেট্রোর কাজ চলার মাঝেই জল সরবরাহে সমস্যা এড়াতে সমান্তরাল জলের লাইন বসাচ্ছে পুরসভা। মোমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত নতুন করে বসানো হচ্ছে পাইপলাইন। মেয়রের কথায়, “ডায়মন্ড হারবার রোডের বাঁদিক দিয়ে লাইনটা বসাচ্ছি, যাতে জল চলাচলে কোনও বিঘ্ন না ঘটে"।
ডেঙ্গিতে একজনের মৃত্যুর প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন মেয়র। ফিরহাদ বলেন, “ভয়াবহতা আগের মতো নেই। কিন্তু একজনের মৃত্যু দুঃখজনক। বৃষ্টি কমলেই জল জমে মশার লার্ভা বাড়বে। তাই ছাদের ভাঙা টব, ভাঁড়ে জল জমতে দেওয়া চলবে না। প্রত্যেককে সচেতন হতে হবে।”
পুজো প্যান্ডেল নিয়েও থাকছে রেগুলার ভিজিট, জয়েন্ট টিম করে নজরদারি চলবে বলেও জানান মেয়র।