সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনা ঘিরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
শেষ আপডেট: 15 December 2025 11:49
দ্য ওয়াল ব্যুরো: যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuva Bharati Krirangan) সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা (Public Interest Litigation)। বিষয়টি ঘিরে প্রশাসনিক স্তরে যেমন তৎপরতা বেড়েছে, তেমনই আইনি ময়দানেও শুরু হয়েছে জোরদার টানাপোড়েন। ঘটনার গুরুত্ব ও জনস্বার্থের প্রশ্নে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা।
এই মামলার জন্য আবেদন করেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য (Billadal Bhattacharya)। আবেদন খতিয়ে দেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Acting Chief Justice) সুজয় পাল (Sujoy Paul) মামলা দায়েরের অনুমতি দেন।
আদালত সূত্রে জানা যাচ্ছে, এই মামলাটি আগামিকালই শুনানির জন্য উঠতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (Division Bench)। ফলে খুব দ্রুতই এই সংক্রান্ত আইনি প্রশ্নে আদালতের পর্যবেক্ষণ সামনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
ভাঙচুরের ঘটনার তদন্তে ইতিমধ্যেই রাজ্য সরকার (State Government) একটি সিট (Special Investigation Team) গঠন করেছে। প্রশাসনের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের চিহ্নিত করতেই এই বিশেষ তদন্তকারী দল। তবে এই সিট গঠন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
রাজ্য সরকারের গঠিত সিটকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হয়েছেন আইনজীবী সব্য়সাচী চ্যাটার্জি (Sabyasachi Chatterjee)। তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তদন্ত প্রক্রিয়া ও সিট গঠনের যৌক্তিকতা খতিয়ে দেখা জরুরি। সেই কারণেই এই বিষয়টি সরাসরি আদালতের নজরে আনা।
আদালত সূত্রে জানা যাচ্ছে, এই মামলাটিরও শুনানি চলতি সপ্তাহের মধ্যেই হতে পারে। শুনানি হবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে।
এদিকে, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল পুলিশ। দুই যুবককে সোমবার গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানা। ধৃতদের নাম শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু। যুবভারতীর ক্ষয়ক্ষতির মামলার তদন্ত চলাকালীনই তাঁদের নাম উঠে আসে এবং সেই প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে।