সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। দুই যুবককে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 December 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির কলকাতা সফর (Mesi Tour in Kolkata) ঘিরে যে উত্তেজনা ও উন্মাদনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan) শনিবার সকালে মেসির উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় হইচই, তার জেরে আর্জেন্তিনীয় মহাতারকা মাঠ ছাড়ার পরই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে ছোড়া হয় জলের বোতল, ছিঁড়ে ফেলা হয় ব্যানার ও ফেস্টুন।
সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। দুই যুবককে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের নাম শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু। যুবভারতীর ক্ষয়ক্ষতির মামলার তদন্ত চলাকালীনই তাঁদের গ্রেফতার করা হয়েছে। শনিবার ঘটনার পর দু’দিন পেরোতেই এই প্রথম সাধারণ দর্শকদের গ্রেফতার করা হল বলে পুলিশ সূত্রে খবর।
সোমবার ধৃত দু’জনকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন, শুধুই কি মেসিকে দেখতে না পাওয়ার আক্রোশ নাকি ভাঙচুরের নেপথ্যে কোনও পরিকল্পনা ছিল? সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শনিবারই ‘মেসি গোট কনসার্ট’-এর মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে যুবভারতীকাণ্ডে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের মতে, দায়িত্বে থাকা বিভিন্ন পক্ষের ভূমিকা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।
শুধু গ্রেফতার নয়, ধৃতদের জেরা করে তদন্ত আরও জোরদার করছে পুলিশ। শতদ্রু দত্তের সংস্থার কয়েকজন কর্তা ছাড়াও শনিবার যুবভারতীতে দায়িত্বে থাকা একাধিক সংস্থার প্রতিনিধিদের তলব করা হয়েছে। মোট ছ’জনকে মঙ্গলবার থানায় হাজিরা দিতে বলা হয়েছে। জলের বোতল সরবরাহ, টিকিট বিতরণ এবং দর্শক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই সংস্থাগুলির উপর।
মেসির সফরের সময় তাঁদের কাজে কোনও গাফিলতি হয়েছিল কি না, নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ঘাটতি ছিল, সে সব বিষয়েই বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। যুবভারতীতে ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রকৃত কারণ ও দায় ঠিক কার উপর পড়ে, তা স্পষ্ট করতেই এই তদন্ত বলে জানিয়েছে পুলিশ।