খেলা শেষে ‘জাম্প-এন-জয়’-এর তরফে পরিবেশিত হয় মন ভরানো খাবার।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 14 August 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের আনন্দ কয়েকজনের জীবনে এ বার এল আগেভাগেই। শহরের অন্যতম বড় ইন্ডোর ট্র্যাম্পলিন ও অ্যাডভেঞ্চার পার্ক ‘জাম্প-এন-জয়’ চার দিন আগে আয়োজন করল এক বিশেষ উদযাপন। অতিথি হিসেবে এসেছিলেন ‘দ্য ওরাল স্কুল ফর ডেফ চিলড্রেন’-এর ৪৩ জন শিশু এবং তাঁদের সঙ্গে ১০ জন শিক্ষক। রঙিন, নিরাপদ আর উচ্ছ্বল পরিবেশে খেলাধুলা, হাসি আর মেলামেশায় ভরে উঠল দিনটি।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের ঠিকানা শর্ট স্ট্রিটের ৪-বি। ছ’দশকেরও বেশি সময় ধরে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলছে তারা। প্রাথমিক থেকে উচ্চতর পর্যায়ে, সব ক্ষেত্রেই শিশুদের বক্তব্যভিত্তিক শিক্ষা, সৃজনশীল শিল্পচর্চা এবং সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকার প্রশিক্ষণ দিয়ে থাকে অভিজ্ঞ শিক্ষকরা। ৫০ জনেরও বেশি শিক্ষার্থীর অধিকাংশই নিম্ন আয়ের পরিবারের এবং তাঁদের বেশির ভাগই সাহায্যপুষ্ট।
শ্রবণশক্তি বাদে, অন্য সব ক্ষেত্রে এই শিশুদের ক্ষমতা সাধারণের সমান, তা দিনের আনন্দেই প্রমাণিত হল। ট্র্যাম্পলিনে লাফ, ‘ক্রেজি জাম্প’, ‘স্পাইডার টাওয়ার’-এর মতো রোমাঞ্চকর রাইড—কিছুই বাদ গেল না। প্রশিক্ষিত প্লে এক্সপার্টরা ছিলেন পাশে, যাতে শিশুরা নিরাপদে এবং নির্ভয়ে খেলতে পারে।
খেলার শেষে ‘জাম্প-এন-জয়’-এর তরফে পরিবেশিত হল মন ভরানো খাবার। সারাদিনের খেলাধুলার পর তাতেই মিটল ছোটদের খিদে।
সহ-প্রতিষ্ঠাতা আদিত্য গুপ্ত ও সিমা গুপ্ত বলেন, 'আমরা বিশ্বাস করি খেলাধুলা সকলের জন্য। স্বাধীনতা দিবসে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের আতিথেয়তায় সত্যিই আনন্দ পেয়েছি। ওদের হাসি, আনন্দ আর মুক্তভাবে খেলার দৃশ্য আমাদের মনে করিয়ে দিল কেন ইন্ডোর গেম এত জরুরি।'
আইআরসি গ্রুপের ডিরেক্টর, প্রমোশনস সাইরাস মাদান জানান, 'এটা আমার কাছে ব্যক্তিগতভাবে বিশেষ। সত্তরের দশক থেকে আমি এই স্কুলের সঙ্গে যুক্ত। আদিত্য ও সিমার এই আমন্ত্রণ শিশুদের স্বাধীনতা দিবসের উদযাপনকে অবিস্মরণীয় করে তুলেছে। ওদের এত আনন্দে মেতে উঠতে দেখা ভীষণ আবেগঘন মুহূর্ত ছিল।'
কলকাতার রিমাউন্ট রোডের ‘দ্য লেগাসি’-তে ৩৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে গড়ে উঠেছে শহরের বৃহত্তম এই ইন্ডোর ট্র্যাম্পলিন ও অ্যাডভেঞ্চার পার্ক। রয়েছে ওয়াল-টু-ওয়াল ট্র্যাম্পলিন, দেশের সবচেয়ে উঁচু ৫০ ফুট ইনডোর ক্লাইম্বিং ওয়াল, ২৫ ফুট ডোনাট স্লাইড, এবং ‘ক্রেজি জাম্প’, ‘নিনজা ওয়ারিয়র’, ‘স্পাইডার টাওয়ার’-এর মতো নানা অ্যাডভেঞ্চার জোন।