সিবিআই তদন্তে চেয়ে রবিবার রাতে পথে নামে নাগরিক সমাজও। তবে পুলিশি তদন্তে ভরসা রাখছেন নির্যাতিতার পরিবার।

ফাইল ছবি।
শেষ আপডেট: 30 June 2025 09:01
দ্য ওয়াল ব্যুরো: কসবার সরকারি ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবিতে সরব হয়েছেন অনেকে। কিন্তু নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে আপত্তি জানিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) উপরই আস্থা রাখছে।
নির্যাতিতার পরিবারের এক সদস্য রবিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমরা সিবিআই তদন্ত চাই না। পুলিশের উপর আমাদের ভরসা রয়েছে।’’ পাশাপাশি, তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিতর্কিত মন্তব্য নিয়েও মুখ খুলতে নারাজ তাঁরা। তাঁদের মতে, “আমরা এমন কোনও কথা শুনিনি। সেই মানসিক অবস্থাও নেই।”
শনিবার মদন মিত্র অভিযোগ করেছিলেন, ‘‘ওই ছাত্রীর একা কলেজে যাওয়া উচিত হয়নি।’’ এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রাতেই তৃণমূল তাঁর বক্তব্যকে ‘ব্যক্তিগত’ বলে জানিয়ে বিবৃতি দেয়। রবিবার তাঁকে শোকজও করা হয়। তবে এই রাজনৈতিক বিতর্কের মধ্যে জড়াতে চাননি নির্যাতিতার পরিবার।
তাৎপর্যপূর্ণভাবে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা নির্যাতিতার সঙ্গে দেখা করতে চাইলে পরিবারের তরফে জানানো হয়েছে, সাংবাদিকদের সঙ্গে না আনলে তাঁদের কোনও আপত্তি নেই।
কসবার আইন কলেজে ঘটে যাওয়া নারকীয় কাণ্ডের পরপরই কলকাতা পুলিশ পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। অভিযুক্ত তিন জন— দুই ছাত্র ও এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষীকেও। ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে নির্যাতিতাকে নিয়ে।
এমন পরিস্থিতিতে সিবিআই তদন্তে চেয়ে রবিবার রাতে পথে নামে নাগরিক সমাজও। তবে পুলিশি তদন্তে ভরসা রাখছেন নির্যাতিতার পরিবার। পরিবার জানিয়েছে, পুলিশের উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি চান।
অনেকের মতে, কসবার ঘটনার অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। তদন্তেও গতি রয়েছে। তাছাড়া আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আদালতে গিয়েছে খোদ নিহত ছাত্রীর বাবা-মা। সংশ্লিষ্ট মহলের মতে, এ সব কারণেই সম্ভবত এখনই সিবিআই তদন্ত চাইছেন না নির্যাতিতার পরিবার।