ঘটনার সূত্রপাত, কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজভবনের ভিতরে বোমা ও বন্দুক রাখা আছে। এরপরই সোমবার রাজভবনে বম্ব স্কোয়াডকে ডাকেন রাজ্যপাল।

ফাইল ছবি।
শেষ আপডেট: 19 November 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো: শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (MP Kalyan Banerjeee) সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bos) দ্বন্দ্ব এবার নতুন মোড় নিল। বুধবার হেয়ার স্ট্রিট থানায় সাংসদের পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ নম্বর ধারার লঙ্ঘনের কথা। প্রসঙ্গত, অভিযোগপত্রে সি ভি আনন্দ বোসের নাম, ঠিকানা, বাবার নাম ঠিক থাকলেও পদ লেখা হয়নি। শুধুমাত্র ব্যক্তিগত নাম দিয়েই অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত, কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজভবনের ভিতরে বোমা ও বন্দুক রাখা আছে। এরপরই সোমবার রাজভবনে বম্ব স্কোয়াডকে ডাকেন রাজ্যপাল। সিআইএসএফ ও রাজ্য পুলিশ মিলে আগ্নেয়াস্ত্র খুঁজতে নামেন। তবে বিশেষ কিছু মেলেনি।
এরপর মঙ্গলবার রাজভবনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল, সাংসদ রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ উস্কে দিয়েছেন—বিএনএস-এর ১৫১, ১৫২ ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ১৯৭ নম্বর ধারায় মিথ্যা অভিযোগ আনার অভিযোগও করা হয়েছিল। এবার রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের কাছে পাল্টা অভিযোগ দায়ের করলেন কল্যাণ।
এদিন কল্যাণ বলেন, "গত তিন বছর ধরে রাজ্যে বিভিন্ন অপকর্ম করে চলেছেন সিভি আনন্দ বোস। উনি এজেন্ডা নিয়ে নিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষকে লেলিয়ে দেওয়ার। সুনির্দিষ্টভাবে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। পুলিশকে বলব, অভিযোগ খতিয়ে দেখতে।"
এ ব্যাপারে অবশ্য রাজভবনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। অন্যদিকে এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্যপাল সঠিক কাজ করেছেন। সব FIR নিয়ে সিট গঠন করে তদন্ত করা হোক।"