
শেষ আপডেট: 7 July 2023 14:25
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল শনিবার ভোটের দিন রাজভবনে নয়, রাস্তায় থাকবেন রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। ঘুরে দেখবেন বাংলার ‘গণতন্ত্র’ কেমনভাবে পালিত হচ্ছে। ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনের পর সাংবাদিক বৈঠক থেকে নিজেই একথা জানিয়েছেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। একই সঙ্গে রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, “রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। তবু সাধারণ মানুষের উদ্দেশে বলছি- বুলেটের জবাব ব্যালটে দিতে হবে।”
ভোটের নিরাপত্তার প্রশ্নে বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশনারকে নজিরবিহীনভাবে সমালোচনা করেছিলেন তিনি। রাজ্যপালের (Governor CV Ananda Bose) এমন আক্রমণে অতি সক্রিয়তা দেখেছিল শাসক দল তৃণমূল। রাজ্যপাল ‘বিজেপির ক্যাডারের মতো আচরণ’ করছেন বলে সরাসরি অভিযোগ করেছিলেন তৃণমূলের প্রথমসারির নেতারা। শুক্রবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল বলেন, ‘আমি পাবলিসিটি পাওয়ার জন্য জায়গায় জায়গায় যাচ্ছি না। গণতন্ত্রের স্বার্থে আমি কাজ করব, সেটাকে কেউ প্রচার বললে বলবেন।’
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নাম না করে তৃণমূলের আনা অভিযোগেরই জবাব দিতে চেয়েছেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। বোঝাতে চেয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে কিংবা ব্যক্তি প্রচারের জন্য পথে নামেননি। নেমেছেন মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে।
এরপরই রাজ্যপালের (Governor CV Ananda Bose) কাছে জানতে চাওয়া হয়, ভোটের দিন তিনি রাজভবনে থাকবেন কি না? জবাবে রাজ্যপাল বলেন, “সকাল থেকেই আমি রাস্তায় থাকব, মানুষের সঙ্গে। আমি দেখব, বাংলায় গণতন্ত্র ঠিক মতো পালিত হচ্ছে কি না। মানুষ নিজের ভোটাধিকার ঠিক মতো প্রযোগ করতে পারছেন কি না। ভোট শেষ হলে আমি রাজভবনে ফিরব।”
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে ধারাবাহিকভাবে ঘটে চলেছে হিংসার ঘটনা। শান্তি ফেরাতে রাজভবনে ‘পিস রুম’ চালু করেছেন তিনি। ভোটের দিন সেখান থেকেও বাংলার দিকে দিকে নজর রাখা হবে বলে জানিয়েছেন রাজ্যপাল বোস।
বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক থেকে রাজ্য নির্বাচন কমিশনারকে ‘রক্তাসুর’, ‘ব্যর্থ’, ‘কৃষ্ণ সেজে কংসের মতো আচরণ’, ‘রক্ত লেগে রয়েছে হাতে, গঙ্গা জলেও তা ধোয়া যাবে না’ সহ বাছা বাছা বিশেষণে আক্রমণ শানিয়েছিলেন। এদিন অবশ্য কমিশনের উদ্দেশে কিছুটা নরম সুরে রাজ্যপাল (Governor CV Ananda Bose) বলেন, এখনও হাতে সময় রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। আমি আশা করব, কমিশন হিংসা মুক্ত ভোট সম্পন্ন করবে।
হাজারদুয়ারি এক্সপ্রেসে কলকাতা ফেরার জন্য সন্ধেয় বহরমপুর কোর্ট স্টেশনে আসেন রাজ্যপাল। সেখানে খোশমেজাজে যাত্রী সাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করেন তিনি। যাত্রী সাধারন উদ্দেশ্যে হাত নাড়িয়ে উৎসাহও দেন।
আরও পড়ুন: বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে তো! ভোটের আগের দিন সংশয়ে অধীর