সব পক্ষকে আলোচনায় বসে দ্রুত সমাধান সূত্র খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। সেই বৈঠক কবে হবে, তা বৃহস্পতিবার আদালতকে জানাতে বলা হয়েছে। এখন দেখার, এই বৈঠক থেকেই চিংড়িঘাটার জট খুলে মেট্রোর গতি ফেরে কি না।
.jpeg.webp)
শেষ আপডেট: 3 September 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: চিংড়িঘাটায় (Chingrighata) অরেঞ্জ লাইনের মেট্রো প্রকল্পের (Kolkata Metro) কাজ দীর্ঘদিন ধরে থমকে। প্রায় ৩৬৬ মিটার এলাকায় কাজ আটকে রয়েছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলছে জনস্বার্থ মামলা।
বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই জট কাটাতে বৈঠকে বসতে হবে রাজ্য সরকার, কলকাতা পুলিশ, কেএমডিএ, মেট্রো রেল এবং নির্মাণকারী সংস্থা আরভিএনএল-কে। আদালতের পর্যবেক্ষণ, "জনস্বার্থে অবিলম্বে আলোচনা জরুরি।"
আরভিএনএল-এর তরফে আদালতে জানানো হয়েছে, সপ্তাহান্তে তিন দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ১২ ঘণ্টা করে কাজের সময় পেলে, থমকে থাকা কাজ শেষ করা সম্ভব। কিন্তু এই সময়টায় চিংড়িঘাটা মোড়ের রাস্তা আংশিকভাবে বন্ধ রাখতে হতে পারে। সেই কারণে যানজট বাড়ার আশঙ্কা থাকছে।
মেট্রোর গৌরকিশোর ঘোষ স্টেশনের কাছেই আটকে থাকা এই প্রকল্পটি নিউ গড়িয়া-সল্টলেক সেক্টর ফাইভ লাইনের অন্তর্গত। স্টেশনটি চালু হলে যানচলাচল আরও বাড়বে, এমন আশঙ্কা প্রকাশ করে আগে রাজ্য সরকার হাইকোর্টে জানিয়েছিল, সেখানে একটি আন্ডারপাস অত্যন্ত জরুরি। শুধু তা-ই নয়, মেট্রো কর্তৃপক্ষকেই আন্ডারপাস নির্মাণের দায়িত্ব নিতে হবে বলেও জানিয়েছিল রাজ্য।
সব পক্ষকে আলোচনায় বসে দ্রুত সমাধান সূত্র খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। সেই বৈঠক কবে হবে, তা বৃহস্পতিবার আদালতকে জানাতে বলা হয়েছে। এখন দেখার, এই বৈঠক থেকেই চিংড়িঘাটার জট খুলে মেট্রোর গতি ফেরে কি না।