শুক্রবার দুপুরে তপসিয়ায় সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন, এলাকায় আতঙ্ক।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 January 2026 16:37
দ্য ওয়াল ব্যুরো: শহরে পর পর আগুনের ঘটনা। বৃহস্পতিবার বড়বাজারের পর এবার আজ দুপুরে তপসিয়া (Topsia) রোডে জ্বলছে একটি কারখানা। স্থানীয়রা জানাচ্ছেন, আগুন লেগেছে একটি সোফা তৈরির কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চত্বর। আগুন এতটাই তীব্র আকার নিয়েছে যে পাশের একটি গ্যারেজ এবং সংলগ্ন বাড়িতেও তা দ্রুত ছড়িয়ে পড়ে । ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা সকলেই।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী (Fire Brigade)। প্রথমে পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামানো হয়। পরে পরিস্থিতি সামাল দিতে আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
যে কারখানায় আগুন লাগে সেখানে সোফা তৈরির কাজ হত। ফলে বিপুল পরিমাণে ফোম, কাপড়, কাঠ এবং অন্যান্য দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। দমকলকর্মীরা জানাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আগুনের লেলিহান শিখা বেশ অনেকটা দূর থেকেও দেখা যাচ্ছে।
ঘটনায় আপাতত কোনও হতাহতের কোনও খবর নেই। তবে কারখানা ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রথম দিকে আগুন নেভাতে দমকলের গাফিলতি ছিল। তাঁদের দাবি, সময়মতো যথেষ্ট ইঞ্জিন ও জল পৌঁছলে আগুন এতটা ছড়াত না। যদিও দমকল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
অগ্নিকাণ্ডের জেরে তপসিয়া রোডের একাংশে যান চলাচল ব্যাহত। পুলিশ (Police) এলাকা ঘিরে রেখেছে এবং নিরাপত্তার স্বার্থে মানুষজনকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে হয়তো এত বড় ঘটনা।