বিবি গাঙ্গুলি স্ট্রিটের আগুনের রেশ কাটতে না কাটতেই কলকাতার বড়বাজারে রাসায়নিক গুদামে আগুন লেগেছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 January 2026 16:24
দ্য ওয়াল ব্যুরো: বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় অগ্নিকাণ্ড। এ বার আগুনের গ্রাসে বড়বাজার। বৃহস্পতিবার দুপুরে বড়বাজারের বনফিল্ড লেনে একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। জানা গিয়েছে, তিনতলা ওই ভবনের নীচের তলাতেই প্রথম আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। বড়বাজার এলাকার এই অংশ অত্যন্ত ঘিঞ্জি। চারপাশে রয়েছে বহু পুরনো বাড়ি, বহুতল এবং একের পর এক দোকান ও গুদাম। ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ।
রাসায়নিকের গুদাম হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে সংলগ্ন দোকানগুলিতেও। স্থানীয়দের দাবি, আগুনের সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাসও ছড়াচ্ছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন অনেকটাই নেভানো গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মাঝে মাঝেই ধোঁয়া বেরোচ্ছে। আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চলছে।
উল্লেখযোগ্য ভাবে, পর পর দু’দিন শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। সেই ঘটনায়ও এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান সংলগ্ন এলাকায় লোকবসতি রয়েছে এবং একের পর এক আবাসন গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন তাঁদের বহুতলেও ছড়িয়ে পড়েছিল।
খবর পেয়ে সেখানে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয়। প্রথমে বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। টানা দু’দিনের এই অগ্নিকাণ্ডে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।