কলকাতার ভুটিয়া মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ৫৫টি দোকান পুড়ে ছাই।

ফাইল চিত্র
শেষ আপডেট: 8 January 2026 17:46
দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। কলকাতার ভুটিয়া মার্কেটে ভয়ংকর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে অন্তত ৫৫টি দোকান। বাজারের ভিতর ও বাইরের অংশ মিলিয়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও ঠিক কী কারণে এত বড় অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ প্রশাসন। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না আধিকারিকরা।
ভুটিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীদের পাশাপাশি এই বাজারে দীর্ঘদিন ধরে একাধিক স্থানীয় ব্যবসায়ী শীতবস্ত্র ও বিভিন্ন ধরনের পোশাকের দোকান চালাতেন। হঠাৎ এই আগুনে কার্যত সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বহু ব্যবসায়ী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভাতে কাজে লাগে দমকলের চারটি ইঞ্জিন। আগুনের তীব্রতায় চারদিক ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। কিছু সময়ের জন্য গোটা এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
অগ্নিকাণ্ডের পর এখন খতিয়ে দেখা হচ্ছে, বাজারে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ ছিল কি না। পাশাপাশি আগুনের উৎস কোথায় এবং কীভাবে এত দ্রুত তা ভয়াবহ রূপ নিল, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
ঘটনাস্থলে পৌঁছান নয়না বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমারও। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে আগুনে যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, তা বলাই বাহুল্য।