কলকাতা বিমানবন্দর এলাকায় হঠাৎ করে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সে বৃষ্টি ও ঝড়ের এমনই তেজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান নামতে পারছে না কলকাতায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 26 March 2026 17:17
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) এলাকায় হঠাৎ করে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সে বৃষ্টি ও ঝড়ের এমনই তেজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান নামতে পারছে না কলকাতায় (Kolkata Weather Update)। অন্ডাল থেকে কলকাতা রওনা দিয়েছিলেন মমতা, কিন্তু বৃষ্টির কারণে মাঝ আকাশেই ঘুরপাক খাচ্ছে তাঁর বিমান।
আজ, বৃহস্পতিবার পান্ডবেশ্বর, বীরভূমে দু'টি জনসভা সেরে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মসূচি শেষ করে বিকেল ৩টা ৩৯ মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে উড়ানও শুরু করে তাঁর বিমান। তবে খারাপ আবহাওয়ার (Weather Update News) কারণে নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার জেরেই বিলম্ব হচ্ছে তাঁর বিমানের অবতরণে।
খারাপ আবহাওয়ার জেরে নির্ধারিত সময়ে অবতরণ সম্ভব না হওয়ায়, কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, আবার কখনও ডায়মন্ড হারবারের আকাশে চক্কর কাটছে বিমান। এখনও পর্যন্ত অবতরণের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানা যাচ্ছে।
আবহাওয়া দফতর আগেই এই দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল। দমদম-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। আবহাওয়াবিদদের মতে, আকাশে ১০ থেকে ১২ কিলোমিটার উচ্চতার বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় এই প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, একাধিকবার অবতরণের চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হয়নি মুখ্যমন্ত্রীর বিমান। মাঝখানে ঝড়ের তীব্রতা কিছুটা কমায় বিমানটি কলকাতা বিমানবন্দরের দিকে এগিয়েছিল। কিন্তু পরিস্থিতি আবার খারাপ হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। বৃষ্টি আরও জোরদার হওয়ায় বিমানটি ফের দক্ষিণমুখে ঘুরে যায় বলে সূত্রের খবর।
পরিস্থিতি বিবেচনা করে এই আবহাওয়ায় অবতরণের ঝুঁকি নিতে নারাজ বিমান কর্তৃপক্ষ। এখন প্রশ্ন, বিমানটি কি আবার অন্ডালেই ফিরে যাবে, নাকি অন্য কোনও বিকল্প ভাবা হবে—তা এখনও স্পষ্ট নয়। সূত্রের দাবি, বিমানে পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত জ্বালানির অবস্থার উপরেই নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।
তথ্য অনুযায়ী, কলকাতা বিমানবন্দরে অবতরণ সম্ভব না হওয়ায় মুখ্যমন্ত্রীর বিমানটি বেহালার দিকে ঘুরে যায়। জানা গিয়েছে, বেহালা ফ্লাইং ক্লাবের আকাশে অন্তত তিন বার অবতরণের চেষ্টা করা হয়।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেই চেষ্টাও সফল হয়নি। পরবর্তীতে বিমানটি আবার কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেয়। প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনও অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রীর বিমান।