ফের বিধিনিষেধ আরোপের জল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আবার তো শুনছি অ্যালার্ট বা লকডাউনের মতো কিছু ভাবছে ওরা। করলে করবে, ওসব নিয়ে ভাবি না। কোভিডে যখন লড়াই করেছি, এখনও লড়তে পারব।”

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 26 March 2026 14:30
দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) বেশি দেরি নেই। প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে প্রচারের মেজাজ সপ্তমে চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কয়লা খনি অঞ্চল থেকে একদিকে যেমন তিনি জ্বালানির আকাশছোঁয়া দাম নিয়ে কেন্দ্রকে বিঁধলেন, তেমনই ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকেও কড়া হুঁশিয়ারি দিলেন। এমনকি, ফের ‘লকডাউন’ পরিস্থিতি তৈরির আশঙ্কার কথা শুনিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বললেন, “কোভিডে লড়তে পারলে এবারও পারব।”
এদিন পাণ্ডবেশ্বরের জনসভা থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও বুকিংয়ের নিয়ম নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করেন মমতা। তিনি বলেন, “শুনলাম গ্যাস বুকিংয়ের সময়সীমা কমিয়ে ২৫ দিন করা হয়েছে। অর্থাৎ ২৫ দিনের আগে আর বুকিং করা যাবে না। আমি ওদের বিশ্বাস করি না। গ্যাস ফুরিয়ে গেলে মানুষ খাবে কী? মোদী সরকার আসার পর থেকে গ্যাসের দাম কোথায় পৌঁছেছে তা সবাই জানে।” শুধু জ্বালানি নয়, ফের বিধিনিষেধ আরোপের জল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আবার তো শুনছি অ্যালার্ট বা লকডাউনের মতো কিছু ভাবছে ওরা। করলে করবে, ওসব নিয়ে ভাবি না। কোভিডে যখন লড়াই করেছি, এখনও লড়তে পারব।”
ভোটার তালিকা এবং ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’ (SIR) ইস্যুতেও এদিন ফুঁসে ওঠেন তৃণমূল নেত্রী। লক্ষ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁর প্রশ্ন, “তিনদিন আগে নাকি তালিকা বেরিয়েছে। কিন্তু এখনও কেন সব জায়গায় লিস্ট টাঙানো হল না? কমিশন উত্তর দিক।” তিনি সাফ জানিয়ে দেন, যদি তালিকায় ৪০ শতাংশ নামও ফেরে, তবে সেটা তৃণমূলেরই কৃতিত্ব। কারণ এই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছে তাঁর দল।
এদিন দলীয় কর্মীদের উদ্দেশে মঞ্চ থেকেই একগুচ্ছ নির্দেশ দেন মমতা। তিনি বলেন, “সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের থেকে নথি সংগ্রহ করুন। ট্রাইব্যুনালে পাঠানোর জন্য আমরাই বিনা পয়সায় উকিলের ব্যবস্থা করব। একজনের নামও যেন বাদ না যায়।” বিরোধীদের উদ্দেশে তাঁর চরম হুঁশিয়ারি, “আমি মানুষের পাশে আছি। কিন্তু কেউ যদি অশান্তি করতে আসে, তবে মনে রাখবেন আমিই তাদের যম।”