শনিবার বিকেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন দিয়ে শুরু হবে মুখ্যমন্ত্রীর এ বছরের পুজো কর্মসূচি। এটিই হতে চলেছে এই মরসুমের প্রথম অনুষ্ঠান।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 19 September 2025 14:48
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছর ধরেই মহালয়ার (Mahalaya) আগে পুজো উদ্বোধন (Puja Inauguration) করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। শনিবার থেকেই শহরের নামী পুজোগুলির উদ্বোধন করে দেবেন মুখ্যমন্ত্রী। টানা চারদিন ধরে নানা মণ্ডপে প্রদীপ জ্বালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শনিবার বিকেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi Sporting Club) উদ্বোধন দিয়ে শুরু হবে মুখ্যমন্ত্রীর এ বছরের পুজো কর্মসূচি। এটিই হতে চলেছে এই মরসুমের প্রথম অনুষ্ঠান। এরপর ২১ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন তিনি দুপুরে নজরুল মঞ্চে যোগ দেবেন ‘জয় বাংলা’র আসরে। সেখান থেকে সরাসরি একের পর এক পুজোর উদ্বোধন করবেন তিনি।
কোন কোন পুজো রয়েছে এই তালিকায়
রবিবার নাকতলা উদয়ন সংঘ, ৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান এবং চেতলা অগ্রণীর উদ্বোধন হবে। ২২ সেপ্টেম্বর মমতা যাবেন আলিপুর সর্বজনীন, চেতলা কোলাহল গোষ্ঠী, বেহালা নতুন দল, বড়িশা, হরিদেবপুর ৪১ পল্লি, অজেয় সংহতি, বসুপুর তালবাগান, বসুপুর শীতলা মন্দির, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব ও কালীঘাট মিলন সংঘে।
২৩ সেপ্টেম্বরের তালিকা আরও দীর্ঘ। মুদিয়ালি, শিবমন্দির, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, ৬৬ পল্লি, বডামতলা, আদি বালিগঞ্জ, একডালিয়া এবং সিংহী পার্কে উদ্বোধনে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী।
আবহাওয়া দফতর (Weather Office) আগেই জানিয়েছে, পুজোর মুখে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Low Depression)। মহালয়ার সকালে আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে দুপুরের পর থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ পুজোর সময়ে বৃষ্টির ঘনঘটা থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই শনিবার থেকে পুজো উদ্বোধন হয়ে গেলে অনেক মানুষ আগে থেকে ঠাকুর দেখা শুরু করতে পারবেন।
প্রতি বছরই পুজোর দিনগুলিতে কোনও না কোনও মণ্ডপ থেকে কেউ না কেউ হারিয়ে যায় (Missing)। পরিজনদের খুঁজে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় স্বজনদের। সেই সমস্যা সমাধান এবার বাড়তি উদ্যোগ নিয়েছে পুলিশ। এবার কোনও সমস্যা হলে দ্রুত সাহায্যের জন্য চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর (Helpline Number)। মূলত পুজোর দিনগুলিতে চালু থাকবে এই নম্বরগুলি। পরিষেবা কার্যকর থাকবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে নবমী পর্যন্ত।