বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার সময় দুর্ঘটনাটি হয়। একদম বিমান বন্দরের শেষ প্রান্তে গিয়ে আগুন লাগে। মনে করা হচ্ছে, টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশ।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 12 June 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বৃহস্পতিবার আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি (Air India Plane Crash)। টেকঅফের পরই ভেঙে পড়ে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।
মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আজ আমদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার (Air India Plane Crash) খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ। যদিও আমরা সঠিক পরিসংখ্যান জানি না, মিডিয়া রিপোর্টগুলি বলছে যে বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে তাঁদের জন্য প্রার্থনা করছি।'
Stunned and profoundly shocked to know of the most tragic Air India plane crash at Ahmedabad today. It is a most sad news for all of us, even while we anxiously wait for survivors details and pray for survival of all.
The crash during take- off of the London- bound plane has…— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2025
আমদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই ঘটনায় যারা তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুর্ঘটনা নিয়ে ভারত সরকারকে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহতদের এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করছি।'
এদিকে জানা গিয়েছে, দুর্ঘটনার পরই গুজরাত সরকারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের। গুজরাতের মুখ্যমন্ত্রী, ডিজির সঙ্গে ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁকে ইতিমধ্যেই আমদাবাদে যাওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে যাবেন বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু।
বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার সময় দুর্ঘটনাটি হয়। একদম বিমান বন্দরের শেষ প্রান্তে গিয়ে আগুন লাগে। মনে করা হচ্ছে, টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশ। তাতেই আগুন লেগে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিমান থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে মেঘানিনগর এলাকায় থাকা বিমানবন্দরের আশপাশের বাড়িও। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বিমানই প্রায় পুড়ে ছাই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের অংশ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। বিমানবন্দরের সমস্ত রাস্তা ও গেট আপাতত বন্ধ রাখা হয়েছে।