মমতার দাবি, পরিকল্পনা করে ভবানীপুর এলাকা বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে! দলের নেতাদের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 October 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ (North Bengal) থেকে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের (Bhawanipur) জন্য বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ভবানীপুরের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, “পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগতদের (Outsiders) দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে।” দলের স্থানীয় নেতৃত্বকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশও দেন তিনি।
দুর্গাপুজোর পর উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী সেখানেই রয়েছেন। তাই কলকাতার (Kolkata) অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে অডিও বার্তা পাঠান তিনি। সেই বার্তাতেই উঠে আসে ভবানীপুরের পরিবর্তিত চেহারা নিয়ে তাঁর উদ্বেগ।
মমতার অভিযোগ, “আমি দেখছি অনেক জায়গায় গরিব মানুষের বস্তি ভেঙে ফেলে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটা সমর্থন করি না। আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগতদের দিয়ে ভর্তি করা হচ্ছে।”
তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, যাঁরা বাংলায় থাকেন, কাজ করেন, তাঁরাই আমাদের মানুষ। কিন্তু যারা হঠাৎ বাইরে থেকে এসে টাকা খরচ করে জমি-বাড়ি কিনছে, তারপর স্থানীয় মানুষদের সরিয়ে দিচ্ছে, তারাই আসল বহিরাগত।
তিনি আরও বলেন, “যারা ওই ফ্ল্যাট কিনছে, তারা জল পাচ্ছে না, ড্রেনেজ সিস্টেম পাচ্ছে না। সবাইকে বুঝতে হবে, গরিব মানুষই আমাদের সম্পদ, তাদের নিয়েই রাজ্য চলবে।”
বিজয়া উপলক্ষে শহরে না থাকলেও দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, কালীপুজোর সময়ে সতর্ক থাকতে। যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে। কালীপুজোর পর ছট পুজো আছে। সেই সময়ও যাতে কোনও সমস্যা না হয় তা দেখার নির্দেশ দিয়েছেন তিনি। মমতার স্পষ্ট বার্তা - দায়িত্ব আমাদেরই।
দলনেত্রীর সুরে সুর মিলিয়েই সুব্রত বক্সী বলেন - আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে যাতে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারি। সবারই দলে একটা দায়িত্ব আছে। সামনের বছর নির্বাচন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য জয়যুক্ত করে বাংলার মসনদে বসাতে হবে।