মনোজকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার করা হল আইপিএস অফিসার সুপ্রতীম সরকারকে।

শেষ আপডেট: 30 January 2026 21:33
দ্য ওয়াল ব্যুরো: সবার আগে দ্য ওয়াল এই সম্ভাবনার কথা লিখেছিল। হলও তাই। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক (I-Pac) মামলার শুনানি রয়েছে। তার ঠিক আগে কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) পদ থেকে মনোজ ভার্মকে (Manoj Varma) সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মনোজকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার করা হল আইপিএস অফিসার সুপ্রতীম সরকারকে (Supratim Sarkar)। অতীতে বামফ্রন্ট জমানায় বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) আস্থাভাজন আইপিএস অফিসার ছিলেন সুপ্রতীম। বর্তমান সরকারের আমলে আইপিএস অফিসার রাজীব কুমারের (Rajeev Kumar) সঙ্গে তাঁর আস্থার সম্পর্ক বলে সরকারি মহলে আলোচনা রয়েছে। বড় কথা হল, অনেক দিন পর কলকাতার নগরপাল হলেন একজন বাঙালি পুলিশ কর্তা।
মনোজ ভার্মাকে (Manoj Varma) কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরালেও তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। নতুন ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা এই পদে ছিলেন সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে (Piyush Pandey)। তাঁকে রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি পদে নিয়োগ করা হচ্ছে।
আবার সুপ্রতীম সরকার ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ (ADG North Bengal)। নতুন এডিজি আইনশৃঙ্খলা হলেন আইপিএস অফিসার বিনীত গোয়েল (Vineet Kumar Goyal)। কলকাতার পুলিশের কমিশনার ছিলেন বিনীত। আরজি কর কাণ্ডে (RG Kar Case) জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের চাপে তাঁকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরাতে বাধ্য হয়েছিল সরকার।
রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশে যে রদবদল হতে পারে সেই সম্ভাবনার কথা দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল। ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আই প্যাক মামলার শুনানি রয়েছে। ওই মামলায় কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে মনোজ ভার্মা ও রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সাসপেন্ড করার আবেদন জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED)। তাদের অভিযোগ, ৮ জানুয়ারি প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে তল্লাশি করতে গেলে এই দুই পুলিশ কর্তা বাধা দেন।
কিন্তু ঘটনা হল, সুপ্রিম কোর্টে শুনানির (Supreme Court Hearing) আগেই ৩১ জানুয়ারি ডিজি পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব কুমার (Rajeev Kumar)। পাশাপাশি এবার কলকাতার পুলিশ কমিশনার পদ থেকেও মনোজ ভার্মাকে সরিয়ে দেওয়া হল। অর্থাৎ এর পর সুপ্রিম কোর্ট কোনও কঠোর নির্দেশ দিলেন তা রাজ্য পুলিশের ডিজি বা কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে হবে না। তা হবে দুই সিনিয়র আইপিএস অফিসারের বিরুদ্ধে। যাঁদের মধ্যে একজন আবার অবসরপ্রাপ্ত।