তড়িঘড়ি তাঁদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দলের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 21 July 2025 15:36
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দলের চার জনপ্রতিনিধি। গরম আর তীব্র রোদে কাবু হয়ে সভামঞ্চ থেকে বের করে নিয়ে যেতে হল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), কীর্তি আজাদ, শতাব্দী রায় (Satabdi Roy) এবং বিধায়ক মদন মিত্রকে। তাঁদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দিলেও, হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র।
তৃণমূলের কাছে ২১ জুলাই শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, আবেগের দিন বললেও ভুল হবে না। শহিদ দিবসের সভা থেকে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিবছরই দলের ভবিষ্যৎ কর্মপন্থা স্পষ্ট করেন। তাঁর বক্তব্য শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা এই সমাবেশে হাজির হন। এ বছর ব্যতিক্রম শুধু আবহাওয়ায়, সাধারণত এই সময় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এদিন ভরদুপুরে রোদ আর আর্দ্রতা ছিল তীব্র। তার জেরেই ৪ জন অসুস্থ হয়ে পড়েন বলেই জানা গিয়েছে।
সোমবার সকালে হাসিমুখে সভায় উপস্থিত হয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। কিন্তু সভা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই শতাব্দী, মদন মিত্র, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহা অস্বস্তি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁদের সভামঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।
প্রতি বছর শহিদ দিবসের (Sahid Diwas) মঞ্চের কাছাকাছি মেডিক্যাল ক্যাম্প রাখা হয়। এবারও সেই ব্যবস্থা ছিল, তবে পরিস্থিতি বুঝে চার নেতাকেই সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। চিকিৎসকেরা জানান, অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা।
জানা গিয়েছে, শতাব্দী রায়, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহা চিকিৎসার পর নিজের গাড়িতে ফিরে গিয়েছেন। তবে মদন মিত্রকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের অসুস্থ সদস্যদের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই।