বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে ২১ এর শহিদ মঞ্চ হয়ে উঠল শাসকদলের ভোটবার্তার মঞ্চ। যে মঞ্চ থেকে আগামী নির্বাচনে রাজ্যের বিরোধী দল বিজেপির আসন সংখ্যা ৩০ এর নীচে নামানোর ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস

তৃণমূলের শহিদ মঞ্চে পহেলগামে নিহত পর্যটক বিতান অধিকারীর মাকে মুখ্যমন্ত্রীর স্বান্তনা।
শেষ আপডেট: 21 July 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: শহিদ মঞ্চে হাজির হলেন নিহত জওয়ান ঝন্টু আলু শেখের বাবা এবং বিতান অধিকারীর বাবা-মাকেও সম্মান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে দুটি পরিবারকে ১ লক্ষ টাকা করে এদিন তুলে দেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা ৫৫ মিনিট নাগাদ শহিদ মঞ্চে এসে পোঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার কিছু আগেই মঞ্চে এসে পৌঁছন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে ২১-এর শহিদ মঞ্চ হয়ে উঠল শাসকদলের ভোটবার্তার মঞ্চ। যে মঞ্চ থেকে আগামী নির্বাচনে রাজ্যের বিরোধী দল বিজেপির আসন সংখ্যা ৩০ এর নীচে নামানোর ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘২০২৬-এর বিধানসভা ভোটে বিজেপিকে ২৬-এ নামিয়ে আনব। আজকের সভা থেকেই এই শপথ হোক। কারণ বিজেপি বাংলা-বিরোধী শক্তি। ওরা বাংলাকে পিছিয়ে দিতে চায়।’
শহিদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ধর্মতলায় উপচে পড়া ভিড়। সেখান থেকে নতুন এক রাজনৈতিক অঙ্গীকারে আবদ্ধ হলেন উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী।
মঞ্চে উঠে ললিতেশ বলেন, ‘‘আমি তাড়াতাড়ি বাংলা শিখে নেব। বাংলায় বলতে চাই। তৃণমূল আমাকে লোকসভা ভোটে লড়ার সুযোগ দিয়েছে। এ বার হয়নি, কিন্তু আমি লড়াই ছাড়িনি। আমি উত্তরপ্রদেশ থেকে তৃণমূলের প্রথম সাংসদ হয়ে দেখাব।’’
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে। আমাদের রাজ্য ভাগাভাগির রাজনীতিকে মানে না। এটা স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের বাংলা।’’
সভায় ছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তিনি বলেন, ‘‘অসমের ভূমি ও সংস্কৃতির কথা যেভাবে সুস্মিতা দেব তুলে ধরেছেন, মেঘালয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য।’’