কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, গোটা কলকাতার পরিবহন ব্যবস্থা যাতে কোনওভাবে বাধাপ্রাপ্ত না হয় তা দেখতে হবে পুলিশকে। পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা করেছে সকাল থেকে।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 July 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের (TMC 21 July) সমাবেশ শুরুর আগে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একাধিক শর্ত দিয়েছিল মিছিলের জন্যও। সেই নির্দেশ মতো পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ (Kolkata Police Traffic Control) নিয়ে সন্তুষ্ট রাজ্যের উচ্চ আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) বলেন, 'খুব ভাল কাজ করেছে পুলিশ।'
কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, গোটা কলকাতার পরিবহন ব্যবস্থা যাতে কোনওভাবে বাধাপ্রাপ্ত না হয় তা দেখতে হবে পুলিশকে। পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা করেছে সকাল থেকে। এই পরিপ্রেক্ষিতেই পুলিশি ব্যবস্থার ভূয়শি প্রশংসা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার বলেন, পুলিশ ভাল কাজ করেছে। খুব সুন্দরভাবে যান নিয়ন্ত্রিত হয়েছে।
আদালতে এক আইনজীবী জানান, অন্যান্য দিনে নিউ আলিপুর থেকে হাইকোর্টে পৌঁছতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। সোমবারও তা-ই লেগেছে। তখন বিচারপতি ঘোষ জানান, স্বাভাবিক সময়ই লেগেছে। রাস্তায় ট্র্যাফিকের কোনও সমস্যা নেই। এই ট্রাফিক ব্যবস্থায় সকাল ১০টার মধ্যে আদালতে পৌঁছনো যায় না বলে বিশ্বাস করেন না তিনি।
একুশে জুলাই (21st July) তৃণমূলের শহিদ সমাবেশের জেরে শহরের জনজীবন ব্যাহত (Traffic Alert) হতে পারে, এমন আশঙ্কা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt ) দ্বারস্থ হয়েছিল বামপন্থী আইনজীবীদের সংগঠন। ওই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সভার অনুমতি নিয়ে আপত্তি না থাকলেও, শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ ছিল। প্রশ্ন তুলেছিলেন, “জনগণ কতক্ষণ সহ্য করবে?” তারপরই পুলিশকে নির্দেশ দেন তিনি।
এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি বড় মিছিল ধর্মতলার উদ্দেশে গেছে। শ্যামবাজার মোড়, হাজরা পার্ক, হেদুয়া পার্ক, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে একে একে হয়েছে মিছিল। সোমবার তৃণমূলের কর্মীদের জমায়েত হয়েছে শহরের মোট ২২টি পয়েন্টে। প্রতিটি মিছিলে রয়েছে শীর্ষ নেতৃত্ব।