পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যেই (২৫ সেপ্টেম্বর, দুপুর থেকে) ওই এলাকায় নিম্নচাপ তৈরি হয়ে যাবে।

শেষ আপডেট: 25 September 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার চতুর্থীর দুপুরে এতটাই চড়া রোদ উঠেছে যে কলকাতায় (Kolkata Weather) খুশি খুশি ভাব ফিরে এসেছে। অথচ আলিপুর আবহাওয়া দফতর যে কথা শোনাচ্ছে, তাতে এই পুজোয় বৃষ্টির অনাসৃষ্টি অনিবার্য। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় (Kolkata Weather update) বৃষ্টি থেকে আপাতত নিস্তার নেই।
উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ (Depression)। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যেই (২৫ সেপ্টেম্বর, দুপুর থেকে) ওই এলাকায় নিম্নচাপ তৈরি হয়ে যাবে। পরে তা ধীরে ধীরে পশ্চিমমুখী হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৬ সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি ঘনীভূত হবে। দফতরের আশঙ্কা, ২৭ সেপ্টেম্বর সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস (Kolkata and South Bengal Weather Forecast)
২৫ সেপ্টেম্বর: অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা।
২৬ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
২৭ সেপ্টেম্বর: পঞ্চমীর দিন দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি (৭-১১ সেমি)। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা। বজ্রপাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা। এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সাময়িক জলজট, রাস্তা ও আন্ডারপাস ডুবে যেতে পারে।
২৮ সেপ্টেম্বর: ষষ্ঠীর দিন দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে দমকা হাওয়ার সঙ্গে বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।
২৯ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর: অষ্টমী ও নবমীতে দক্ষিণবঙ্গের বহু জায়গায় বজ্রঝড় সহ বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের পূর্বাভাস (North Bengal Weather Forecst)
২৫ সেপ্টেম্বর: দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
২৬ সেপ্টেম্বর: উত্তরবঙ্গের সব জেলায় বজ্রঝড়।
২৭ সেপ্টেম্বর: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা।
২৮ সেপ্টেম্বর: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রঝড়।
২৯ সেপ্টেম্বর: মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে ৩৫-৪৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতি সর্বোচ্চ ৫৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্র খুবই উত্তাল থাকবে। তাই পশ্চিমবঙ্গ–ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে এই সময় মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে।