গত শুক্রবার ধৃত মনোজিৎ, জইব এবং প্রমিতকে আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে।

গত শুক্রবার ধৃত মনোজিৎ, জইব এবং প্রমিতকে আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
শেষ আপডেট: 1 July 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হবে। গত শুক্রবার ধৃত মনোজিৎ, জইব এবং প্রমিতকে আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে। অভিযুক্ত কলেজ রক্ষীকেও পরে গ্রেফতার করা হয়েছে। তাঁকেও আদালতে তোলা হবে।
ঘটনার তদন্তে ইতিমধ্যে গঠিত হয়েছে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT)। নেতৃত্বে রয়েছেন দক্ষিণ শহরতলির অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপকুমার ঘোষাল। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তথ্য জোগাড়ের পাশাপাশি কলেজ চত্বরে তদন্ত চালাচ্ছেন তাঁরা। প্রায় সাড়ে ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যার সঙ্গে নির্যাতিতার বয়ানের মিল রয়েছে।
এদিকে, নির্যাতিতার পরিচয় ফাঁস করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার সকালে লালবাজারের তরফে একটি স্পষ্ট বার্তায় জানানো হয়েছে, নির্যাতিতার পরিচয় প্রকাশে যে কোনও চেষ্টাই আইনত অপরাধ। এমন কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি বিবৃতিতে লেখা হয়েছে, “নির্যাতিতার গোপন তথ্য ছড়ানো বা অন্য কোনওভাবে পরিচয় ফাঁস করার চেষ্টা হচ্ছে। এটা আইন লঙ্ঘনের সামিল।” যদিও ঠিক কীভাবে বা কারা এই তথ্য ফাঁস করছেন, তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি লালবাজার। তবে সকলকে সংবেদনশীলতা বজায় রেখে নির্যাতিতার মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।