মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশের উদ্যোগে এই দুই ব্যবস্থা শনিবার সন্ধে থেকেই কার্যকর হচ্ছে। শহরের একাধিক ব্যস্ত মোড়ে সর্ব-মহিলা পরিচালিত পিঙ্ক বুথ খোলা থাকবে সন্ধে থেকে মধ্যরাত পর্যন্ত।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 28 February 2026 11:37
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোট (West Bengal Elections 2026) দোড়গোড়ায়। শনিবার এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকাও (West Bengal SIR Final Voter List) প্রকাশ হয়ে যাবে। এরই মধ্যে নারী সুরক্ষা (Women Safety) জোরদার করতে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ (Pink Booth)। একইসঙ্গে রাতের শহরে টহল দেবে সর্ব-মহিলা মোবাইল প্যাট্রোল টিম, যার নাম দেওয়া হয়েছে ‘শাইনিং’(Shinning Petroling)।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে এই দুই ব্যবস্থা শনিবার সন্ধে থেকেই কার্যকর হচ্ছে। শহরের একাধিক ব্যস্ত মোড়ে সর্ব-মহিলা পরিচালিত পিঙ্ক বুথ খোলা থাকবে সন্ধে থেকে মধ্যরাত পর্যন্ত। প্রয়োজনে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন মহিলারা। দায়িত্বে থাকবেন মহিলা পুলিশকর্মীরা। জরুরি সহায়তা, অভিযোগ জানানো কিংবা নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ - সবকিছুর জন্যই এই বুথগুলিকে ব্যবহার করা যাবে।

দ্বিতীয় উদ্যোগ হিসেবে রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত শহরের প্রধান সড়কগুলিতে টহল দেবে ‘শাইনিং’ নামে বিশেষ সর্ব-মহিলা প্যাট্রোল টিম। বিশেষত ই এম বাইপাস-সহ সেই সব রাস্তা, যেখানে রাতে বহু কর্মজীবী মহিলা যাতায়াত করেন, সেখানে নজরদারি বাড়ানো হবে। মুখ্যমন্ত্রীর কথায়, এই পদক্ষেপ শহরের মহিলাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে।
পোস্টে তিনি দাবি করেছেন, বহু বছর ধরেই কলকাতা দেশের নিরাপদতম শহরগুলির একটি হিসেবে পরিচিত। নতুন এই দু’টি উদ্যোগ সেই সুনাম বজায় রাখতে আরও সাহায্য করবে বলেই তাঁর বিশ্বাস।
সম্প্রতি কলকাতা পুলিশের শীর্ষপদে পরিবর্তন হয়েছে। মনোজ ভার্মার জায়গায় পুলিশ কমিশনার হয়েছেন সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর সক্রিয়তা চোখে পড়েছে। রাতের নাকা চেকিং বেড়েছে, বিভিন্ন মোড়ে হঠাৎ হাজির হয়ে তদারকিও করেছেন তিনি।
এই প্রেক্ষাপটে নারী সুরক্ষাকে সামনে রেখে রাজ্য সরকারের নতুন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে পিঙ্ক বুথ ও সর্ব-মহিলা টহলদারি কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।