বুধবার কলকাতা পুলিশ জানিয়ে দিল, আগামী বছরের এই প্রতিযোগিতা শুধু শহরজুড়ে স্বাস্থ্যকর দৌড় সংস্কৃতির উদযাপনই নয়, এবার যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার সুযোগও।

শেষ আপডেট: 19 November 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাস্তায় ফের হতে চলেছে শহরের অন্যতম জনপ্রিয় - কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেফ লাইফ (Safe Life Safe Drive) হাফ ম্যারাথন (Kolkata Police Half Marathon)। বুধবার কলকাতা পুলিশ জানিয়ে দিল, আগামী বছরের এই প্রতিযোগিতা শুধু শহরজুড়ে স্বাস্থ্যকর দৌড় সংস্কৃতির উদযাপনই নয়, এবার যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার সুযোগও।
২০২৬ সালের ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (world masters athletics championships 2026) জন্য কোয়ালিফায়ার হিসেবে স্বীকৃতি পেল ২১ কিলোমিটার হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটার দৌড়। দক্ষিণ কোরিয়ার ডেগুতে ২২ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ - এই সময় অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেই বৃহৎ আসরের যোগ্যতা অর্জনের পথ খুলে দিচ্ছে কলকাতা পুলিশের এই ম্যারাথন। ফলে ৩৫ বছরের বেশি বয়সি অ্যাথলেটদের জন্য এটি হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।
দেশজুড়ে বিভিন্ন বয়সগোষ্ঠীর দৌড়বিদদের কাছে কলকাতা পুলিশের (Kolkata Police) বার্ষিক এই দৌড় বরাবরই জনপ্রিয়। এ বার আন্তর্জাতিক মঞ্চের যোগ্যতা অর্জনের সুযোগ মেলায় আকর্ষণ আরও কয়েকগুণ বাড়বে বলেই মনে করছেন আয়োজকরা। কলকাতা পুলিশের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের সহযোগিতায় আগামী ১৮ জানুয়ারি, ২০২৬ এই দৌড় অনুষ্ঠিত হবে। শহরের দৌড়প্রেমীদের অভিজ্ঞতা বলছে, প্রতি বছর এই প্রতিযোগিতা শুধু রাস্তা জুড়ে উৎসবের পরিবেশই তৈরি করে না, ট্রাফিক সচেতনতার বার্তাকেও ছড়িয়ে দেয়।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এ দিন বলেন, “প্রতিটি ভোর আমাদের মনে করিয়ে দেয় যে একটি মেগাসিটি টিকে থাকে শৃঙ্খলা আর সহানুভূতির ওপর। সেফ ড্রাইভ সেফ লাইফ সেই বার্তাকেই ধরে রেখেছে। এখন এটি শুধু প্রচার নয়, নাগরিক অভ্যাসের অংশ। এই হাফ ম্যারাথন তারই জীবন্ত উদাহরণ।”
এ বারের দৌড় তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে - ৫ কিমি, ১০ কিমি এবং ২১ কিমি হাফ ম্যারাথন। এর মধ্যে ১০ কিমি ও ২১ কিমি দূরত্বই বিশ্ব মাস্টার্স চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা নির্ধারণের প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত। ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্সে অংশ নেন ৩৫ বছর বা তার বেশি বয়সি অ্যাথলেটরা, যারা ৫ বছরের নির্দিষ্ট বয়স গ্রুপে (৩৫–৩৯, ৪০–৪৪, ৪৫–৪৯ ইত্যাদি) প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরুষ ও মহিলা আলাদা বিভাগে অংশ নিলেও বয়সের ব্যান্ড এক থাকে। যোগ্য বয়স হলে যে কোনও অ্যাথলেট অংশ নিতে পারেন এই বাছাই পর্বে।