প্রয়োজনের তুলনায় রাস্তাঘাট কম, তার উপর বাড়ছে জনঘনত্ব— ফলে ব্যস্ত সময়ে রাস্তায় নিত্য যানজট।
_1.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 November 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: যানজটে (Traffic Congestion) নাজেহাল শহরবাসীর দীর্ঘদিনের অভিযোগ এবার শোনার চেষ্টা পুরসভার (Kolkata Municipality)। প্রয়োজনের তুলনায় রাস্তাঘাট কম, তার উপর বাড়ছে জনঘনত্ব— ফলে ব্যস্ত সময়ে রাস্তায় নিত্য যানজট (Kolkata Multiple Roads)। তার সঙ্গে যুক্ত খন্দপথের বিপদ। এই পরিস্থিতি পালটাতেই কলকাতা পুরসভা শহরজুড়ে একাধিক রাস্তা চওড়া ও সংস্কারের পরিকল্পনায় নেমেছে (Major Initiative)।
মেয়র ফিরহাদ হাকিমের ভাষায়, “পুলিশকে জানানো হয়েছে কোন কোন রাস্তা খারাপ, তার তালিকা দিতে। সেই অনুযায়ী আমরা সংস্কার করব। কয়েকটি রাস্তায় পেভার ব্লকও বসানো হবে।”
পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাসবিহারীর পণ্ডিতিয়া রোডের একটি বাই লেন ৩০ ফুট চওড়া করা হবে। এই কাজ শেষ হলে রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাটের ফাঁস কমবে বলেই আশা। ইএম বাইপাস লাগোয়া এলাকায় ‘রিং রোড’-এর আদলে নতুন সংযোগ রাস্তাও তৈরির অনুমোদন মিলেছে— মিলন মেলার পশ্চিম দিক থেকে শুরু হয়ে সায়েন্স সিটি হয়ে তা পৌঁছবে পার্ক সার্কাস কানেক্টরে।
এ ছাড়াও ইএম বাইপাস–প্রিন্স আনোয়ার শাহ রোড সংযোজকের নীচে জীবনানন্দ সেতু থেকে সেলিমপুর রোডে মিলিয়ে নতুন ৩০ ফুট চওড়া রাস্তা হবে। বেলেঘাটা ক্যানাল সাউথ রোডে চিংড়িঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত ৫০ ফুট চওড়া প্রসারিত রাস্তা গড়ার পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। চাউলপট্টি রোডকেও ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত।
ইএম বাইপাস লাগোয়া মঠেশ্বরতলা ও চক গড়িয়া এলাকায় নতুন দুইটি প্রায় ২০ ফুট চওড়া সংযোগকারী রাস্তা তৈরির সিদ্ধান্তও নিয়েছে পুরসভা। সূত্রের দাবি, ভবিষ্যতে ওই দুই অঞ্চলে অভিজাত আবাসন তৈরি হওয়ার কথা— তাই আগে থেকেই রাস্তার পরিকাঠামো শক্তিশালী করতে চায় পুরসভা।
সব মিলিয়ে কলকাতায় বাড়তে থাকা গাড়ির চাপে রাস্তাঘাট যে আর আগের মতো নেই, তা উপলব্ধি করেই নতুন পরিকল্পনায় নেমেছে পুরসভা। শহরের যানবাহন চলাচলে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেই আশা প্রশাসনের।