পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরা করে আরও কয়েকজনের নাম জানা গেছে। তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা হচ্ছে না।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 19 November 2025 17:59
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা প্রিমিয়ার লিগে (Kolkata Premier League) ম্যাচ ফিক্সিংয়ের (Match Fixing) অভিযোগে খিদিরপুর ক্লাবের (Khidirpur Club) দুই আধিকারিককে আগেই গ্রেফতার করেছিল পুলিশ (Kolkata Police) । এ বার সেই তালিকায় যোগ হল আরও এক জনের নাম। বুধবার বৌবাজার থানার হাতে ধরা পড়লেন সুজয় ভৌমিক। গড়াপেটা কাণ্ডে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল তিন।
শুধু এখানেই শেষ নয়, ম্যাচ গড়াপেটা কাণ্ডে আরও গ্রেফতারের ইঙ্গিত দিয়েছেন সিপি। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এ দিন স্পষ্ট জানান, “ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জেরা করে আরও তথ্য মিলেছে। গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে।”
পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরা করে আরও কয়েকজনের নাম জানা গেছে। তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা হচ্ছে না।
এর আগে ধরা পড়েছিলেন খিদিরপুর ক্লাবের টিম ম্যানেজার আকাশ দাস এবং মিডিয়া ম্যানেজার রাহুল সাহা ওরফে রাজ। তদন্তে উঠে এসেছে, খেলার আড়ালে চলত আর্থিক লেনদেন। সুজয় ভৌমিক নাকি আকাশের ঘনিষ্ঠ। সেই সূত্রে গত কয়েকদিন ধরে সুজয়কেও নজরে রেখেছিলেন তদন্তাকীরা। এদিন তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ভিন রাজ্যের দুষ্কৃতী কলকাতায় আশ্রয় নেওয়ার প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, “বাইরের রাজ্যের দুষ্কৃতীদের তথ্য থাকলে সুবিধে হয়। তবে তথ্য না থাকলেও আমাদের কাছে নির্দিষ্ট ইনপুট আসলেই তৎপরতা নেওয়া হয়েছে। এর আগে রাজস্থানের, পাটনার দুষ্কৃতীরাও ধরা পড়েছে। বাংলায় পালিয়ে এলেই বাঁচা যাবে—এই ধারণা ভুল।”
তবে রাজভবন-কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংঘাত নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মনোজ ভার্মা। উল্লেখ্য, এ দিনই হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।