শুধু অরিজিৎই নন, এর আগে ৯ অগস্ট প্রাণ হারিয়েছিলেন বালিগঞ্জের বাসিন্দা প্রবীণ চিত্রশিল্পী স্বরূপ মুখোপাধ্যায় (৭৫)। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 15 August 2025 22:22
দ্য ওয়াল ব্যুরো: গলিঘুপচি থেকে অভিজাত পাড়া, ডেঙ্গির (Dengue) আতঙ্ক ফের মাথা চাড়া দিচ্ছে শহর কলকাতায় (Kolkata)। সাতদিনের মধ্যে ফের প্রাণ গেল এক যুবকের। মৃতের নাম অরিজিৎ দাস, বাড়ি বেহালায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (School of Tropical Medicine)। চিকিৎসকদের তৎপরতা সত্ত্বেও শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হাসপাতালের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—ডেঙ্গি।
শুধু অরিজিৎই নন, এর আগে ৯ অগস্ট প্রাণ হারিয়েছিলেন বালিগঞ্জের বাসিন্দা প্রবীণ চিত্রশিল্পী স্বরূপ মুখোপাধ্যায় (৭৫)। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
টানা দুই মৃত্যু শহরে নতুন করে আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। অগস্টের মাঝামাঝি সময় থেকেই ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের কপালেও।
এদিনই বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দফতর সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার তরফেও নজরদারি বাড়ানো হয়েছে। ভোর থেকে দল মোতায়েন করে গৃহ পরিদর্শন, জল জমার সম্ভাব্য উৎস খুঁজে ধ্বংস এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে বলে খবর।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ—বাড়ির ছাদ, বারান্দা বা আশপাশে কোথাও যেন জল না জমে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থতা বোধ করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গি এখন আর মৌসুমভিত্তিক রোগ নয়—বর্ষা শেষে বা শীতের আগমুহূর্তেও এর প্রভাব মারাত্মক হতে পারে। ফলে সচেতনতা ও সময়মতো চিকিৎসাই একমাত্র ভরসা।