প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে দায়ের হওয়া এফআইআর (FIR) বাতিলের আবেদন করে কলকাতা হাইকোর্টে কার্তিক মহারাজ।

কার্তিক মহারাজ
শেষ আপডেট: 1 July 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো: প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে দায়ের হওয়া এফআইআর (FIR) বাতিলের আবেদন করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) কার্তিক মহারাজ (Karthik Maharaj)। আজ অর্থাৎ ১ জুলাই তাঁকে থানায় হাজিরা দিতে বলেছিল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। আগামিকাল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি।
সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেন এক মহিলা। তাঁর দাবি অনুযায়ী, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়েছিল। সেখানে নাকি এক রাতে আচমকাই মহারাজ হাজির হয়েছিলেন। তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী।
তাঁর আরও অভিযোগ, তার পর দিনের পর দিন তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে। এমনকি, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানো হয়। গত বৃহস্পতিবার রাতে এই মর্মে কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই মহিলা।
অভিযুক্ত কার্তিক মহারাজ সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছেন। তিনি বলেছিলেন,‘‘আমি সন্ন্যাসী। সন্ন্যাসীদের জীবনে এমন বাধাবিপত্তি আসে। এমনটা অপ্রত্যাশিত নয়।’’ তাঁর অভিযোগ, ইচ্ছাকৃত সাধুসন্তদের আক্রমণ করা হচ্ছে।