পুলিশ সূত্রে খবর, ওই দিন মুর্শিদাবাদের নবগ্রাম থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রাফিক্স - দ্য ওয়াল
শেষ আপডেট: 30 June 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে কার্তিক মহারাজকে তলব করল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। আগামীকাল অর্থাৎ ১ জুলাই তাঁকে থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
২৬ জুন এক মহিলা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন কার্তিক মহারাজ।
এই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে- ধর্ষণ ৩৭৬ (২), গর্ভপাত করানোর অভিযোগ (৩১৩), অপমান ও হুমকি (৫০৬), প্রতারণা (৪১৭)।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন কার্তিক মহারাজ নিজে। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যেরই জয় হবে। আইন আইনের পথেই চলবে।’
অন্যদিকে, অভিযোগকারিণী জানিয়েছেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তাঁর কথায়, ‘যে কোনও সময় আমার ওপর আক্রমণ হতে পারে। সে কারণেই পুলিশ আমাকে প্রোটেকশন দিচ্ছে।’
বিষয়টিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, ‘পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। কিন্তু একটা প্রশ্ন উঠছে—এতদিন যখন উনি (কার্তিক মহারাজ) চুপ ছিলেন, তখন কোনও অভিযোগ ওঠেনি। এখন যখন তিনি মুখ খুলছেন, তখনই কেন অভিযোগ? এটা কি হিন্দুদের পক্ষে কথা বলার জন্য ফাঁসানো কৌশল?’
অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপিকে ও কার্তিক মহারাজকে। তিনি বলেন, ‘কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, তা শোনার পরেও সুকান্ত মজুমদার কীভাবে ওঁর পক্ষে কথা বলেন? মহারাজ সাহস পেয়েছে বিজেপির মদতেই। এই লোকেরা ধর্মকে কলুষিত করছে।’
এছাড়াও কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ‘এত গুরুতর অভিযোগের পরও কেন এখনও কার্তিক মহারাজকে গ্রেফতার করা হয়নি?’
তারপরেই কার্তিক মহারাজকে হাজিরার নোটিস ধরাল পুলিশ।