তৃণমূল নেতৃত্বের দাবি, “এই কার্তিক মহারাজকে বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা গিয়েছে। এমনকি, প্রধানমন্ত্রীর সুপারিশে পদ্মশ্রীও পেয়েছেন তিনি। বিজেপি কি এই বিষয়ে কোনও ব্যাখ্যা দেবে?”
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 June 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: কসবায় আইন কলেজে ধর্ষণকাণ্ডের জেরে (Kasba incident) সোমবার কলকাতায় হাজির বিজেপির চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল (BJP Delegation)। দলে রয়েছেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, সাংসদ মনন কুমার মিশ্র এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
শহরে নেমেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে ধরেছেন প্রতিনিধিরা। কয়েক ঘণ্টার ব্যবধানে বিজেপির এই পদক্ষেপের কড়া জবাব দিল তৃণমূল ( TMC)।
তৃণমূল নেতৃত্ব সোশ্যাল মাধ্যমে বিজেপিকে আক্রমণ করে লিখেছে, “বিজেপি বাংলায় কোনও দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য তৎপর হয়ে ওঠে। কিন্তু, প্রকৃত বিচার আদায়ে তাঁদের কোনও সদিচ্ছা নেই।”
কেন একথা বলা হচ্ছে, তা বোঝাতে এ ব্যাপারে কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে এনেছে তৃণমূল। সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং গর্ভপাত করানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ২০১৩ সাল থেকে ওই মহিলার উপর নির্যাতন চালাচ্ছিলেন তিনি।
.@BJP4India’s close ally, Kartik Maharaj, stands accused of:
⚠️ Repeatedly raping a woman since 2013 on the false promise of a school job
⚠️ Forcing her to undergo an abortion
⚠️ Blackmailing her into silence
This disgusting sexual predator has been seen sharing the stage with…— All India Trinamool Congress (@AITCofficial) June 30, 2025
তৃণমূল নেতৃত্বের দাবি, “এই কার্তিক মহারাজকে বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা গিয়েছে। এমনকি, প্রধানমন্ত্রীর সুপারিশে পদ্মশ্রীও পেয়েছেন তিনি। বিজেপি কি এই বিষয়ে কোনও ব্যাখ্যা দেবে?”
তৃণমূলের বক্তব্য, বিজেপি বাংলার ঘটনাগুলিকে সামনে রেখে রাজনীতি করতে তৎপর হলেও, নিজেদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগে একেবারে নীরব। “এই নীরবতাই বিজেপির দ্বিচারিতার প্রমাণ,” বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতারা।
একই সঙ্গে পরিযায়ী শ্রমিক নিগ্রহ নিয়েও বিজেপিকে বিঁধেছে বাংলার শাসকদল। মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। তৃণমূলের বক্তব্য, “বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে। একদিকে বাংলার প্রতি বিজেপির এই অবজ্ঞা অন্যদিকে বাংলায় কিছু হলেই প্রতিনিধি দল পাঠিয়ে রাজনীতি করা হচ্ছে।"
পদ্মশিবির কী জবাব দেয়, সেটাই দেখার। বস্তুত, কসবাকাণ্ড নিয়ে এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের।