দ্য ওয়াল ব্যুরো: কসবায় আইন কলেজে ছাত্রীকে ধর্ষণকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এবার ঘটনার তদন্তে কলকাতায় এল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।
প্রতিনিধিদলে রয়েছেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, সাংসদ মনন কুমার মিশ্র এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব দেব। দুপুর আড়ইটেয় ওই প্রতিনিধি দলকে সময় দিয়েছে কলকাতা পুলিশ।
বিজেপির প্রতিনিধি দল কসবা কলেজে যাওয়ার পরিকল্পনা করেছে বলে সূত্রের খবর। প্রতিনিধি দলটি নির্যাতিতার পরিবার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইছে। এ ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনার ও মুখ্যসচিবকে তাঁরা চিঠিও দিয়েছিল তাঁরা। তবে পুলিশের তরফে প্রথমে জানানো হয়েছিল, সোম নয় মঙ্গলবার প্রতিনিধি দলকে সময় দেওয়া হবে। পরে সেই সূচি বদলে এদিন দুপুরেই প্রতিনিধি দলকে সময় দিয়েছে কলকাতা পুলিশ।
সকালে বেঙ্গালুরু থেকে কলকাতা বিমানবন্দরে নামেন বিপ্লববাবু। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। পরে বেঙ্গালুরু থেকে প্রতিনিধি দলের বাকি সদস্যরা কলকাতায় এসে পৌঁছন। কসবা কাণ্ডের জন্য বিজেপির কেন্দ্রীয় টিমের চার সদস্যই একযোগে রাজ্যকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেন, “বাংলার আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। যেখানে আইনের পাঠ দেওয়া হয়, সেখানেও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। বাংলার মানুষ আজ নিরাপত্তাহীন। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
কসবায় ধর্ষণকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতা ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের প্রতিনিধি দল গঠনের নির্দেশ দেন।
সত্যপাল সিং বলেন, “বাংলায় আজকের দিনে কলেজ, হাসপাতাল, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানও অপরাধমুক্ত নয়। নির্যাতিতার জন্য সুবিচার হবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে।”
কসবা কলেজের ঘটনা নিয়ে বিরোধী দলগুলি যখন সরব, তখন শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে রাজনীতিকরণের অভিযোগ তুলেছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, “বিজেপি এই ঘটনাকে ইস্যু করে বাংলায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আইন তার নিজের পথে চলবে।”


.jpeg.webp)