.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 June 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো: করোনা সন্দেহে শহরের তিন হাসপাতালে ঠাঁই হয়নি বেলঘরিয়ার নাবালকের। চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সেই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে অভিযুক্ত এক নার্সিংহোম (Private Nursing Home)। মঙ্গলবার এই আর্জি খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।
অতিমারির প্রথম পর্যায়ে বেলঘরিয়ার বাসিন্দা শুভ্রজিৎ নামে এক ১৬ বছরের কিশোর সেসময় অসুস্থ হয়ে পড়ে। পরিবারের অভিযোগ, বেলঘরিয়ার এক নার্সিংহোমের উদাসীনতায় বিনা চিকিৎসায় প্রাণ হারায় নাবালক। সেখানে প্রাথমিক চিকিৎসাটুকুও দেওয়া হয়নি তাকে। স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানানো হয়। হাসপাতালকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় সংশ্লিষ্ট নার্সিংহোম। সেই আর্জি খারিজ করে হাইকোর্ট।
এই মামলার শুনানিতে আদালত বলে, গত পাঁচ বছর ধরে একজন মা পুত্রশোকে থেকেও এই অসম লড়াইটা চালিয়ে গিয়েছেন। নার্সিংহোমটি ওই নাবালককে ন্যূনতম মেডিকেল সাপোর্টটুকুও দেয়নি। ক্ষতিপূরণের নির্দেশ বহাল থাকবে। পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বেসরকারি নার্সিংহোমকে।
ডিভিশন বেঞ্চ আরও জানায়, 'আদালত সন্তানহারা মায়ের মনের যন্ত্রণাকে সম্মান জানায়। যেভাবে এক অসুস্থ নাবালককে কোনও রকম চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।' আদালতের এই রায়ে শুভ্রজিতের পরিবারের দীর্ঘ লড়াই কিছুটা হলেও স্বীকৃতি পেল।