গুদামে দাহ্য পদার্থ ও নানা ধরনের রাসায়নিক মজুত থাকায় কয়েক মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়ে। ঘিঞ্জি আবাসনের ভিতর এই আকস্মিক আগুনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

নিজস্ব ছবি
শেষ আপডেট: 5 December 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire Incident in Kolkata)। ইএম বাইপাসের (EM Bypass) ধারে আবার আগুন লাগার ঘটনা ঘটল শুক্রবার। এদিন সকালে আনন্দপুরের গুলশন কলোনিতে (Anandapur Gulshan Colony) একটি রঙের গুদামে আচমকা আগুন লাগে।
গুদামে দাহ্য পদার্থ ও নানা ধরনের রাসায়নিক মজুত থাকায় কয়েক মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়ে। ঘিঞ্জি আবাসনের ভিতর এই আকস্মিক আগুনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
ঘটনার খবর পেয়ে দমকলের (Fire Brigade) একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। সাধারণ জলে আগুন দমনে সমস্যা হওয়ায় দমকলকর্মীরা বিশেষ রাসায়নিক মিশ্রিত জল ব্যবহার করছেন। দমকলের দাবি, গুদামের ভেতরে থাকা রাসায়নিক উপাদান আগুনকে আরও ছড়িয়ে দিতে পারে, তাই সতর্কতার সঙ্গে কাজ চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার কিছু পর এলাকার মানুষ কালো ধোঁয়া বেরোতে দেখেন। কলকাতা পুরসভার (KMC) ১০৮ নম্বর ওয়ার্ডের এই রঙের গোডাউনের উপরে ও আশপাশে বহু বহুতল আবাসন রয়েছে। বিপদের আশঙ্কায় স্থানীয়রা দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
সূত্রের খবর, দোতলা থেকে কোনও মতে বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে।আনন্দপুরের এই এলাকা ঘন জনবসতিপূর্ণ । তাই আগুনের জেরে দেখা দিয়েছে প্রবল আতঙ্ক। পাশের নির্মীয়মাণ বহুতলেও আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঝলসে কালো হয়ে গিয়েছে বাড়িটি। প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নেই।