শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়ে স্বস্তি পেলেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, মামলাটির নিষ্পত্তি করা হল।

বিনীত গোয়েল
শেষ আপডেট: 17 July 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar) নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনায় আদালত অবমাননার অভিযোগ উঠেছিল প্রাক্তন সিপি বিনীত গোয়েলের (Ex CP Vineet Goyel) বিরুদ্ধে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়ে স্বস্তি পেলেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, মামলাটির নিষ্পত্তি করা হল। আদালত এ বিষয়ে আর হস্তক্ষেপ করতে চাইছে না।
এদিন বিচারপতিরা স্পষ্ট জানান, "পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা মনে করছি মামলাটির নিষ্পত্তি প্রয়োজন। কারণ, এক দিকে প্রাক্তন পুলিশ কমিশনার অনিচ্ছাকৃতভাবে নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন, অন্য দিকে মামলাকারীর আইনজীবীও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি তুলে ধরেছেন।"
আদালতের পর্যবেক্ষণ, যেহেতু বিনীত গোয়েল স্বীকার করেছেন যে নির্যাতিতার নাম বলে ফেলাটা অনিচ্ছাকৃত ছিল এবং তিনি নিজের ভুল বুঝে নিয়েছেন, তাই আর নতুন করে তাঁকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই।
পাশাপাশি, রাজ্যের ডিজিকে নির্দেশ দিয়েছে আদালত, ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে তার জন্য পুলিশ আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে কোনওভাবে নির্যাতিতা বা তাঁর পরিবারের নাম প্রকাশ্যে না আসে।
আদালতকে দেওয়া চিঠিতে বিনীত গোয়েল লিখেছেন, "ভারতীয় আইন মেনে চলা আমার প্রধান কর্তব্য। আমি সেটাই করি। কিন্তু সেদিন অনিচ্ছাকৃতভাবে নির্যাতিতার নাম বলে ফেলেছিলাম। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলার তদন্ত চলাকালীন এক সাংবাদিক বৈঠকে নির্যাতিতার পরিচয় প্রকাশ করে ফেলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তারপরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে।
অবশেষে, তাঁর ক্ষমা প্রার্থনা গ্রহণ করে মামলার নিষ্পত্তির মাধ্যমে এই পর্বের ইতি টানল কলকাতা হাইকোর্ট।