বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, যে ধরনের আঘাতের চিহ্নর কথা উল্লেখ করা হয়েছে তা বিদ্যুতের তার দিয়ে কী করে হল?

ফাইল ছবি
শেষ আপডেট: 16 July 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: খেজুরিতে বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় সমস্ত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ঘটনা সংক্রান্ত ভিডিওগ্রাফি ও সমস্ত তথ্য রাজ্যকে জমা দিতে হবে। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।
মেলা (Kejuri Mela) দেখতে গিয়ে মৃত্যু হয়েছিল সুজিৎ দাস ও সুধীর পাইকের। পুলিশের বক্তব্য, মেলায় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। যদিও ঘটনাস্থলে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেছিলেন, 'এটা রাজনৈতিক খুন। পরিকল্পিতভাবেই ওই দু'জনকে খুন করা হয়েছে'। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে মৃতের পরিবার।
বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, যে ধরনের আঘাতের চিহ্নর কথা উল্লেখ করা হয়েছে তা বিদ্যুতের তার দিয়ে কী করে হল? সেটা হলেও কারও শরীরে ওভাবে তার জড়াতে পারে কিনা, সেটাও জানতে চান তিনি। বিচারপতির এও বক্তব্য, কেউ আত্মহত্যার চেষ্টা করলেও এটা করবে না। কতজন আহত হয়েছে? মোটিভ জানা দরকার।
মৃত দুই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, “শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হলে এমন হবে না। পুলিশ শুরু থেকেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।” তাঁদের আরও অভিযোগ, “স্থানীয় রাজনৈতিক দলের একাংশের চাপেই পুলিশ সত্য গোপন করছে।” এদিন মামলার শুনানিতে পরিবার পক্ষের আইনজীবী বলেন, মৃত্যুর ঘটনায় আঘাতের চিহ্ন দেখলেই বোঝা যাবে গুরুত্বর আঘাত।
পুলিশ অবশ্য জানিয়েছে, “মেলার মাঠে একটি বৈদ্যুতিক খুঁটির তারে হাত লাগাতেই দুই যুবক মাটিতে লুটিয়ে পড়েন। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।”