দুপুর আন্দাজ ১টা থেকে দেড়টা নাগাদ ঘটে ওই ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম রাহুল দাস, মুরারি পুকুর উল্টোডাঙার বাসিন্দা।

শেষ আপডেট: 16 July 2025 17:02
দ্য ওয়াল ব্যুরো: নিকো পার্কে ফের বিপত্তি। ওয়াটার পার্কে স্নান করার সময় মৃত্যু হল ১৮ বছর বয়সি এক যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। মজার মুহূর্তের মাঝে হঠাৎ মৃত্যু কীভাবে, তদন্ত করছে পুলিশ।
দুপুর আন্দাজ ১টা থেকে দেড়টা নাগাদ ঘটে ওই ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম রাহুল দাস, মুরারি পুকুর উল্টোডাঙার বাসিন্দা। বর্তমানে বাগুইআটিতে থাকত সে।
ঠিক কী হয়েছিল? প্রত্যক্ষদর্শীদের কথায়, নায়াগ্রা ফলসের সামনে বারান্দায় দাঁড়িয়ে ছিল রাহুল। সেই সময় ওপর থেকে মাথায় জল পড়ছে। মজা করতে করতে তার মাঝেই মাথা ঘুরে বসে পড়ে সে। বন্ধুরা ধরাধরি করে নীচে নামাচ্ছে, সেটা লাইফ গার্ডদের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড সেকশনে নিয়ে যাওয়া হয় তাকে। নিকোপার্কের ডিউটিতে থাকা নার্স রাহুলকে পরীক্ষা করে জানান, তার পালস খুব কম। দেরি না করে তৎক্ষণাৎ পার্কের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে ক্যালকাটা হার্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
নিকোপার্ক কর্তৃপক্ষের কথায়, ‘সকলের বয়সই আন্দাজ ১৮-২০ বছরের মধ্যে। ঘটনাটি যখন ঘটে, আমাদের লাইফ গার্ডরা দুই-তিন মিনিটের মধ্যেই সঙ্গে সঙ্গে তাকে ফার্স্ট এইড সেকশনে নিয়ে যায়। নার্স জানান পালস খুব স্লো চলছে। তাই এখান থেকে ৫ মিনিটের দূরত্বে ক্যালকাটা হার্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।’
তাঁরা আরও জানান, ঠিক কী ঘটেছে সেটা জানতে বিশেষ অসুবিধা হবে না কারণ নিকোপার্কের ওই এলাকা গোটাটাই সিসিটিভিতে মোড়া রয়েছে।
ঘটনার মুহূর্তে খতিয়ে দেখে মৃত্যুর কারণ খুঁজতে রাহুলের আশপাশে থাকা বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।