বৃদ্ধার ফ্ল্যাটের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 19 October 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার (senior citizen) দেহ। বিগত কয়েক বছর ধরে সেখানে একাই ছিলেন তিনি। দুই ছেলে মেয়ে বাড়ি থেকে দূরে থাকতেন। শনিবার অনেকক্ষণ ডেকেও প্রতিবেশীরা সাড়া শব্দ পাননি (Entally incident)। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রেখা সাহা (৫৮)। এন্টালির পটারি রোডের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। মেয়ের বিয়ে হয়েছে বিহারে এবং ছেলে বিদেশে থাকেন।
জানা যায়, বিদেশ থেকেই মায়ের খাওয়া-দাওয়া এবং ওষুধের ব্যবস্থা করতেন তিনি। এছাড়া দেখাশোনার জন্য কেয়ারটেকারও রাখা হয়েছিল। মৃতার এক প্রতিবেশী জানিয়েছেন, 'শনিবার ওনার খোঁজখবর নিতে গেছিলাম। কিন্তু অনেক ডাকাডাকি করেই সাড়া পায়নি। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দিই।'
বৃদ্ধার ফ্ল্যাটের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে ছেলে-মেয়েকে। তদন্ত শুরু করেছে পুলিশ।