কলকাতা পুলিশের তরফে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, নিষিদ্ধ বাজি থেকে দূরে থাকুন, নিরাপদে উৎসব করুন।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 18 October 2025 11:04
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো–দীপাবলির (Kali Puja) উৎসবের আগেই শব্দদানব ঠেকাতে কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতা। শনিবার ধর্মতলায় (Dharamtala ) বিশেষ অভিযান চালিয়ে গুন্ডা দমন শাখা (পুলিশের বিশেষ টিম) প্রচুর নিষিদ্ধ বাজি আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের সাহায্যে সকাল থেকেই অভিযান শুরু হয়। তল্লাশিতে পাওয়া গেছে বিভিন্ন ধরনের বাজি—শেল, চকলেট বোমা সহ অন্যান্য নিষিদ্ধ বাজি। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে বলে খবর।
ধর্মতলায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাজি বাজার। মোট ৩৭টি স্টল চালু হয়েছে, যা বড়বাজার ফায়ারওয়ার্ক্স ডিলারস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ২১ অক্টোবর পর্যন্ত চলবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিস, বিশেষ নজরদারি চলবে যাতে গ্রিন বাজি ছাড়া অন্যান্য বাজি কেউ কিনতে বা ব্যবহার করতে না পারে।
কলকাতার সিপি মনোজ ভার্মা আগে থেকেই সতর্ক করেছিলেন—“গ্রিন বাজি অনুমোদিত, বাকি বাজি নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”
পুলিশের এই অভিযান উৎসবের আনন্দের সঙ্গে সঙ্গে নিরাপত্তারও বার্তা দিচ্ছে। কলকাতা পুলিশের তরফে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, নিষিদ্ধ বাজি থেকে দূরে থাকুন, নিরাপদে উৎসব করুন।