মাত্র দু’দিন আগেই অতিবৃষ্টিতে কলকাতা কার্যত বানভাসি হয়েছিল। রাস্তায় কোমর সমান জল, যানজট, বিদ্যুৎ বিভ্রাট—সব মিলিয়ে শহরের জীবনযাত্রা থমকে গিয়েছিল।

কলকাতায় ধুম বৃষ্টি। ছবি: এআই নির্মিত।
শেষ আপডেট: 26 September 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থীর সকালের ঝলমলে রোদ দ্বিগুণ করে দিয়েছিল দুর্গাপুজোর আনন্দ। অনেকেই ভেবেছিলেন, বৃষ্টি-বাদল পার করে এবার হয়তো আকাশের মুখে হাসি ফুটল (DurgaPuja weather)। কিন্তু দুপুর গড়াতেই সে হাসি মিলিয়ে গেল। কালো হয়ে এল আকাশ (kolkata weather update)। নামল ধুম বৃষ্টি। আবার চারদিকে জল জমে যাওয়ার ভয়, উৎসবের আনন্দ তছনছ হয়ে যাওয়ার আশঙ্কায় নগরবাসী।
আগে থেকেই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, শুক্রবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর বাড়বে মেঘ। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। সেটাই ঘটল বাস্তবে।
মাত্র দু’দিন আগেই অতিবৃষ্টিতে কলকাতা কার্যত বানভাসি হয়েছিল। রাস্তায় কোমর সমান জল, যানজট, বিদ্যুৎ বিভ্রাট—সব মিলিয়ে শহরের জীবনযাত্রা থমকে গিয়েছিল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন। এখন আবার নতুন করে মুষলধারে বৃষ্টি নামায় আতঙ্ক যেন আরও বেশি করে ফিরে এসেছে।
মাত্র কয়েক দিনের মধ্যেই দু’দফা প্রবল বর্ষা শহরকে কার্যত হাঁটু গেড়ে বসিয়েছে। চতুর্থীর এই অকাল বর্ষণ তাই উৎসবের আবহের উপর শীতল জল ঢেলে দিল—উৎসবের মেজাজ বদলে দিল ভিজে শহরের ভোগান্তি। নাগরিকদের আশঙ্কা— পুজোর মূল দিনগুলো যদি এভাবেই বৃষ্টির দাপটে কাটে, তবে উৎসব কার্যত ভেস্তে যাবে। প্যান্ডেলে প্যান্ডেলে প্রস্তুতি সত্ত্বেও প্রকৃতির দাপটের সামনে কার্যত অসহায় কলকাতা।
আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে (depression) পরিণত হয়েছে। এর প্রভাবেই শনিবার পঞ্চমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস (rain forecast) রয়েছে। তার আগে, আজ, শুক্রবার, চতুর্থীও ভেসে গেল ঝমঝম বৃষ্টিতে। আগামী পাঁচ থেকে সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকাল, শনিবার পঞ্চমীর দিনে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। সমুদ্রে যাওয়া নিয়ে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং একাধিক দফায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞদের মতে, অষ্টমীতে ঘনীভূত হতে থাকা নতুন ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির উপরেই নির্ভর করছে শেষ পর্যন্ত পুজোর আবহাওয়া।
উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম হবে। স্থানীয়ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ২৭ সেপ্টেম্বর শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বাড়তে পারে।