দিলীপ ঘোষের এও দাবি ছিল, ব্ল্যাকমেল করে দেবকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে। এমনকী তাঁকে যে গরু-কয়লা পাচার মামলায় ডাকা হয়েছিল তার পিছনেও তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে।

দেব
শেষ আপডেট: 22 July 2025 19:28
ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। বিগত কয়েক বছর ধরে ঘাটালের মানুষ এই নামটি শুনেই যাচ্ছে কিন্তু তার কোনও বাস্তবায়ন নেই। তাই বন্যা পরিস্থিতি তৈরি হলে সেখানকার জনজীবনের কোনও পরিবর্তনই হয় না। প্রতি বছরই বর্ষার সময়ে দেখা যায় ঘাটাল ডুবে গেছে। কোথাও হাঁটু বা কোথাও কোমর জলে থাকতে হয় সাধারণ মানুষকে। অন্তত ৩-৪ মাস এইভাবে হয়রানির শিকার হন তাঁরা। এই ইস্যু নিয়ে সেখানকার তৃণমূল সাংসদ দেবকে (TMC MP Dev) কার্যত তুলোধনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই ঘাটালের পরিস্থিতি নিয়ে ফের একবার মুখ খুললেন দেবও।
দ্য ওয়াল-কে (The Wall News) একান্ত সাক্ষাৎকার (Exclusive Interview) দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে তৃণমূল সাংসদ স্পষ্ট বলেন, 'যতদিন না হচ্ছে ততদিন গাল খেতে হবে।' কিন্তু এতদিনে যে কোনও কাজ হয়নি সেটাও মানছে না তিনি। বরং অতীতের কথা টেনে দেব এও বুঝিয়ে দেন, বিগত ৩৫-৪০ বছরেও ঘাটাল নিয়ে ভাবেননি তৎকালীন সাংসদরা।
দিলীপ ঘোষের বক্তব্য ছিল, বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) কথা বলে দেব সেখানকার মানুষকে ধোঁকা দেন। প্রয়োজনে তাঁকে পাওয়া যায় না। কার চাপে সে রাজনীতি করছে, কার চাপে ঘাটালের লোককে বারবার ধোঁকা দিচ্ছে, তা জানা দরকার। মূলত এই পরিপ্রেক্ষিতেই কারও নাম না নিয়ে দেব দ্য ওয়াল-কে বলেন, ''অনেক পরিশ্রম করে প্রকল্প অনুমোদন করিয়েছি। আমি তো একমাত্র এমপি ছিলাম না ঘাটালে। আমার আগে বড় বড় নেতারা সেখানে দায়িত্বে ছিলেন। কিন্তু আমিই অনুমোদন করালাম।''
নিজের রাজনীতি ছাড়ার প্রসঙ্গে অভিনেতা-সাংসদের বক্তব্য, ''আমি তো আর থাকতে চাইনি। রাজনীতি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমাকে আবার নিয়ে আসা হল। শর্ত দিয়েছিলাম, তাতেও দিদি হ্যাঁ বললেন। এরপর ২০০০ কোটি টাকার প্রকল্পের ৭০০ কোটি টাকার অনুমোদন হয়েছে। তাও আমাকে ট্রোল করা হয়। এগুলো শোনা আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। যতদিন না হবে ততদিন আমাকে গাল খেতে হবে।''
দিলীপ ঘোষের এও দাবি ছিল, ব্ল্যাকমেল করে দেবকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে। এমনকী তাঁকে যে গরু-কয়লা পাচার মামলায় ডাকা হয়েছিল তার পিছনেও তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। ওঁকে বলা হয়েছে, ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। তাই সে বাধ্য হয়ে যাচ্ছে। রাজনীতিতে থাকার বিষয় নিয়ে দেব দ্য ওয়াল-কে জানান, ''২০২৪-এর পর এই লাইনটাই বলতে পারব না। তার আগে বলতে পারতাম ইচ্ছে নেই। কিন্তু তারপরও তো আমি এসেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়েছে। ৫ বছরে তা হয়েও যাবে।''
দেবের আশা, এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে ঘাটালের মানুষ ব্যাপক উপকৃত হবেন। আর তাঁরও মনে হবে, কিছু তো করে যেতে পারলাম...