দেব যাতে চোরেদের কথায় না চলেন, তাদের নির্দেশে ওঠা-বসা না করে সব ছেড়ে বেরিয়ে আসেন, এই পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ এবং দেব
শেষ আপডেট: 22 July 2025 15:53
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল (TMC) দেবকে (Dev) ব্ল্যাকমেল (Blackmail) করে রাজনীতি করাচ্ছে। ভয়ে দেখিয়ে ভোট দাঁড় করানো হয় তাঁকে! ঘাটালের সাংসদকে (TMC MP) নিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সাফ কথা, ক্ষমতা থাকলে দেব রাজনীতি ছেড়ে দেখাক। কারণ উনি বারবার ঘাটালের (Ghatal) মানুষকে ধোঁকা দিচ্ছেন।
প্রতি বছরই বর্ষার সময়ে দেখা যায় ঘাটাল ডুবে গেছে। কোথাও হাঁটু বা কোথাও কোমর জলে থাকতে হয় সাধারণ মানুষকে। অন্তত ৩-৪ মাস এইভাবে হয়রানির শিকার হন তাঁরা। কিন্তু পরিস্থিতির বদল ঘটে না। এই বিষয়টি নিয়েই তৃণমূল সাংসদ দেবকে তুলোধনা করলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) কথা বলে তিনি সেখানকার মানুষকে ধোঁকা দেন। প্রয়োজনে তাঁকে পাওয়া যায় না।
দিলীপ বলছেন, ''দেব প্রতিবার বলে ঘাটাল সমস্যার সমাধান না হলে রাজনীতি ছেড়ে দেব। কিন্তু প্রতিবার ভোটে দাঁড়ায়। ও ভাল ছেলে তবে নিকম্মা। এমন ছেলে থেকে কী লাভ।'' তাঁর প্রশ্ন, কার চাপে সে রাজনীতি করছে, কার চাপে ঘাটালের লোককে বারবার ধোঁকা দিচ্ছে, তা জানা দরকার। এই পরিপ্রেক্ষিতেই তিনি বিস্ফোরক দাবি করেন। বলেন, ব্ল্যাকমেল করে দেবকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসকেই নিশানা করেছেন দিলীপ।
বিজেপি নেতার স্পষ্ট কথা, ''দম থাকলে দেবের পদত্যাগ করা উচিত। কিন্তু তা করতে পারবে না। কারণ তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এমনকী তাঁকে যে গরু-কয়লা পাচার মামলায় ডাকা হয়েছিল তার পিছনেও তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। ওঁকে বলা হয়েছে, ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। তাই সে বাধ্য হয়ে যাচ্ছে।''
দেব যাতে চোরেদের কথায় না চলেন, তাদের নির্দেশে ওঠা-বসা না করে সব ছেড়ে বেরিয়ে আসেন, এই পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ। বলেছেন, মেদিনীপুরের ছেলেদের মেরুদণ্ড থাকে, তারা চোরেদের কাছে মাথনত করে না। দেবেরও তেমন কিছু করা উচিত নয়।