সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে প্রায় পুরো সময় জুড়েই এই ইস্যু ঘিরে আলোচনা হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, "এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।''

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 July 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে বাংলাভাষী মানুষের উপর নির্যাতন ও হেনস্থা (Harassment of Bengaliees) নিয়ে সোমবারের মন্ত্রিসভার বৈঠকেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানান, এমন হওয়া অন্যায় এবং তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এই ইস্যুতে ইতিমধ্যে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে তাতে সকলকে সামিল হওয়ার বার্তাও দেন তিনি।
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) প্রায় পুরো সময় জুড়েই এই ইস্যু ঘিরে আলোচনা হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, "এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাংলার মানুষের পাশে আমরা আছি। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এখন সময় এসেছে সারা দেশে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার।"
মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ''পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য থেকে প্রায় দেড় কোটি মানুষ এসে বসবাস করেন। তাঁরা নানা ভাষাভাষীর, খাদ্যাভ্যাসও আলাদা। কিন্তু বাংলায় তাঁদের কেউ বিরক্ত করে না। তাঁরা শান্তিতে থাকেন। অথচ পশ্চিমবঙ্গের মাত্র ২২ লক্ষ ৫০ হাজার মানুষ মহারাষ্ট্র, গুজরাত, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে থাকেন। তাঁদের উপর অত্যাচার হচ্ছে। এমনটা কেন?" এই প্রশ্নই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পরিস্থিতিতেই আগামী ১৬ তারিখ রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ওই দিন রাজ্যের প্রতিটি এলাকায় প্রতিবাদ কর্মসূচি করতে হবে। গ্রাম, শহর সর্বত্র সাধারণ মানুষকে পথে নামার আবেদন করেছেন তিনি। তাঁর কথায়, এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। এটা বাংলার মানুষের মর্যাদার প্রশ্ন। সকলকে সঙ্গে নিয়ে প্রতিবাদে শামিল হতে হবে।
এককথায় মুখ্যমন্ত্রীর বার্তা — শান্তিপূর্ণ পথে বাংলার মানুষকে এই মিছিলে সামিল হতে হবে। অন্যায় হলে তার বিরুদ্ধে রাস্তায় নামতেই হবে। প্রসঙ্গত, ওই দিন কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হওয়ার কথা। বেলা ১টা নাগাদ শুরু হবে এই কর্মসূচি।
এদিকে আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির দিনই বিজেপি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। সোমবার মন্ত্রিসভায় সেই অভিযানকে একেবারেই গুরুত্ব না দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় কলকাতায় কর্মীদের নিরাপদে নিয়ে আসা থেকে শুরু করে সমস্ত দিক গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি।