বিজেপির সঙ্গে হাতাহাতি রাত দখল মঞ্চের সদস্যদের।

কসবা ল'কলেজ (ফাইল ছবি)
শেষ আপডেট: 30 June 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: কলেজের ভিতরে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাইরে বিজেপির সঙ্গে হাতাহাতি রাত দখল মঞ্চের সদস্যদের। পরিস্থিতি মুহূর্তেই ধুন্ধুমার হয়ে যায়। নামানো হয় ব়্যাফ। মোতায়েন করা হয় আরও বেশি সংখ্যক পুলিশ।
ল'কলেজের বাইরে উপস্থিত লোকজনের দাবি, সোমবার যখন ফিক্ট ফাইন্ডিং টিম পুলিশের সঙ্গে কথা বলা শুরু করে, ঠিক সেই সময় 'রাত দখল মঞ্চ'র কয়েকজন পোস্টার ও ব্যানার নিয়ে কলেজের পাশে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের দাবি ছিল, 'বিজেপির নৈতিক অধিকার নেই ধর্ষণের প্রতিবাদ করার।' হাথরাস থেকে উন্নাও, ওঠে একাধিক ধর্ষণের ঘটনার প্রসঙ্গও। যা উল্লেখ করে বিজেপির কেন ধর্ষণের প্রতিবাদ করার অধিকার নেই, তা বুঝিয়ে দেন আন্দোলনকারীরা।
পরে আরজি কর ঘটনার প্রতিবাদে রাত দখল কর্মসূচির উল্লেখ করে একাংশ দাবি করেন, আন্দোলন থিতিয়ে যাওয়ার পিছনে গেরুয়া শিবিরের হাত রয়েছে। এরপরই মেজাজ হারান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের সঙ্গে তর্ক শুরু হয়। যা পৌঁছয় হাতাহাতিতে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ল'কলেজ চত্বরে।
এক মহিলা আবার দাবি করে বসেন, তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। যদিও সেনিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনও উত্তেজনা রয়েছে।
বিজেপির একাংশের দাবি, রাত দখল অধিকার মঞ্চের নামে কিছু বাম সমর্থক এসে ঝামেলা বাধানোর চেষ্টা করছে। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা, বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টায়। এনিয়ে বামেদের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
কসবার পাশাপাশি ধুন্ধুমার পরিস্থিতি হয় বিবি গাঙ্গুলি স্ট্রিটে। সেখানেও এপিভিপি কসবার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল।