প্রশাসন সূত্রে জানা গেছে, বাড়িটি দীর্ঘদিন ধরেই ফাঁকা ছিল এবং বিপজ্জনকও ছিল বলে খবর। আচমকাই একটি অংশ ধসে পড়ে।

ভেঙে পড়েছে বাড়ির একাংশ
শেষ আপডেট: 29 July 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: ফের বিপজ্জনক পুরনো বাড়ি ভেঙে পড়ল (Building Collapse) কলকাতায় (Kolkata)। সোমবার নারকেলডাঙা (Narkeldanga) থানার অন্তর্গত ২০-এ রাজেন্দ্রলাল স্ট্রিটে ধস নামে একটি পরিত্যক্ত বাড়িতে। তবে সেখানে কেউ বসবাস করতেন না, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব গেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বাড়িটি দীর্ঘদিন ধরেই ফাঁকা ছিল এবং বিপজ্জনকও ছিল বলে খবর। আচমকাই একটি অংশ ধসে পড়ে। যদিও কেউ ভিতরে আটকে পড়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না, কারণ বাড়িটিতে কোনও সিঁড়িই ছিল না। ফলে ভিতরে ঢোকাও সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত হাইড্রা এনে বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, বহুদিন ধরেই বাড়িটি ভগ্নদশায় ছিল এবং আশঙ্কা ছিল যে কোনও দিন ধসে পড়তে পারে।
পুরনো বাড়িগুলির অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে এই ঘটনার পর। বিগত কয়েক মাসে এমন একাধিক বাড়ির একাংশ ভেঙে পড়েছে কলকাতায়। সম্প্রতি গিরিশ পার্ক এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। অন্যদিকে, বিবি গাঙ্গুলি স্ট্রিটেও একই রকম ঘটনা ঘটে।
বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে শহরের একাধিক এলাকায় জল জমেছে। উত্তর ও মধ্য কলকাতার বহু রাস্তায় হাঁটু জলে গাড়ির গতি কার্যত থমকে গেছে। বেশ কয়েকটি এলাকায় রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও দেখা দিয়েছে যানজট। এসবের মধ্যেই বহু ভগ্নপ্রায় বাড়ির অবস্থা নিয়ে সংশয় দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্যে রয়েছে আতঙ্কও। পরপর বাড়ির একাংশ ভেঙে পড়ায় তাই উদ্বিগ্ন প্রশাসনও।