আনন্দপুরের জগন্নাথ মন্দিরের সামনে খাল থেকে এই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাস্থলেই মৃত্যু হয়নি ওই ব্যক্তির।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 July 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে (Kolkata) মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার সাতসকালে আনন্দপুরে (Anandapur) অভিজাত আবাসনের সামনের খাল থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল (Body Found)। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। কীভাবে মৃত্যু হল, তা ঘিরেই ঘনীভূত হচ্ছে রহস্য।
আনন্দপুরের জগন্নাথ মন্দিরের সামনে খাল থেকে এই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাস্থলেই মৃত্যু হয়নি ওই ব্যক্তির। সম্ভবত অন্য কোথাও খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে। তবে এটা কোনও দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, সে বিষয়ে নিশ্চিত নয় তদন্তকারীরা।
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, বা জলে ডুবেই মৃত্যু হয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে। আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আনন্দপুর থানার পুলিশ জানিয়েছে, দেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার থানাগুলিতে নিখোঁজ সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে আনন্দপুর থানার পুলিশ এবং হোমিসাইড শাখা।
আনন্দপুরে দেহ উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। এর আগে গত বছরের অগস্ট মাসে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। তারও আগে আনন্দপুর এলাকাতেই এক প্রোমোটারের রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ।
স্থানীদের অভিযোগ, আনন্দপুর এলাকায় দিনে দিনে দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে। পর্যাপ্ত আলো না থাকায় দুষ্কৃতীরা অপকর্ম করছে। পুলিশ-প্রশাসনের বাড়তি নজরদারি দাবি করছেন তাঁরা।