তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে আবার দলবদলের সুর। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র।

তাপস রায় এবং পার্নো মিত্র
শেষ আপডেট: 26 December 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে দলবদলুদের দর আক্ষরিক অর্থে ‘আকাশ ছুঁয়েছিল’। তৃণমূলের (TMC) পাঁচ নেতাকে একসঙ্গে বিজেপিতে যোগদান করাতে কলকাতা থেকে দিল্লিতে উড়ে গিয়েছিল চার্টার্ড ফ্লাইট। অনেকেরই দমবন্ধ হয়ে আসছিল তৃণমূলে। সে এখন অতীত।
তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে আবার দলবদলের সুর। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mittra)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর (Baranagar) কেন্দ্রে বিজেপির (BJP) প্রার্থী ছিলেন তিনি। সেই নির্বাচনে তৃণমূলের তাপস রায়ের (Tapas Ray) কাছে পরাজিত হতে হয়েছিল পার্নোকে। ঘটনাচক্রে সেই তাপস রায় এখন বিজেপির শিবিরে। আর পার্নো চলে এলেন শাসকদলে। এই অদলবদল ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বুধবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ দেন পার্নো। শাসকদলের অন্দরে বিষয়টিকে ‘স্বাভাবিক রাজনৈতিক প্রবাহ’ বলে ব্যাখ্যা করা হলেও বিরোধীরা কটাক্ষে মুখর। সিপিএম নেত্রী দীপ্সিতা ধর সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে লেখেন, ২০২১ সালে বরানগরে তৃণমূলের প্রার্থী তাপস রায় এখন বিজেপিতে, আর বিজেপির প্রার্থী পার্নো মিত্র এখন তৃণমূলে—এই দুই নেতাকে তৃণমূল তাদের কমিটির মাথায় জায়গা দিক।
দলবদলের এই অঙ্ক কষতে গিয়ে বরানগরের সাধারণ মানুষও বিভ্রান্ত। সকলেরই এক কথা, কী যে হচ্ছে বুঝতেই পারছি না। ফুল বদলাতে বদলাতে ভোটটাই কোথায় যাচ্ছে ধরা যাচ্ছে না।
অনেকেই বলছেন, “তাপস রায়ের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু পার্নো মিত্রকে এনে তৃণমূল কী লাভ করবে, সেটাই বোধগম্য নয়। শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোট নিয়ে ছেলেখেলাই চলছে।”
পার্নো অবশ্য বিষয়টিকে আলাদা ভাবে দেখছেন। তাঁর বক্তব্য, প্রার্থী হবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁর হাতে নেই। আগের বারও ছিল না। দলই তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অভিনেত্রী জানিয়েছেন, "আমি কোনও কিছুর জন্য মুখিয়ে নেই। যে দায়িত্ব দেওয়া হবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি শুধু কাজ করতে চাই।"
এ দিকে, পার্নোর দলবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা তাপস রায়। তাঁর বক্তব্য, আরও এক উৎসর্গীকৃত তৃণমূল কর্মীর সর্বনাশ হল। তৃণমূল এখন প্রাক্তন অভিনেতা-অভিনেত্রীদের দলে পরিণত হচ্ছে, যাঁরা আর সিনেমায় কাজ পাচ্ছেন না। পার্নোর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলে তাপস বলেন, বিজেপিতে যোগ দেওয়া ভুল ছিল, এটা বুঝতে ওর পাঁচ বছর লেগে গেল! ভাবলেই অবাক লাগে।
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে পার্নোর এই দলবদল এবং ভবিষ্যতে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে। বাংলার রাজনীতিতে ‘কে কোথায়’, এই সমীকরণ যে এখনও অস্থির, পার্নো মিত্রের যোগদান সেই ছবিটাকেই আরও স্পষ্ট করে দিল।