শনিবার সকালে আন্দোলনরত চাকরিহারাদের একাংশ দেখা করতে গেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।

বিকাশের বাড়িতে চাকরিহারাদের একাংশ
শেষ আপডেট: 24 May 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে শনিবারই বিকাশ ভবনের সামনে থেকে বিক্ষোভ সরিয়ে নিচ্ছেন চাকরিহারারা (Jobless Teachers)। তবে চাকরি ফিরে পাওয়ার আন্দোলন যে থামবে না, সেটা তাঁরা স্পষ্ট করেছেন। কিন্তু আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) তাঁদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যতই আন্দোলন হোক চাকরি তাঁরা ফিরে পাবেন না। স্বাভাবিকভাবেই এই কথা শুনে আশাহত হয়েছেন চাকরিহারাদের একাংশ।
শনিবার সকালে আন্দোলনরত চাকরিহারাদের একাংশ দেখা করতে গেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আইনজীবী তাঁদের স্পষ্ট জানিয়ে দেন, ''আপনারা কেউ চাকরি ফিরে পাবেন না। আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে, তার জন্য তৈরি হন।'' একই সঙ্গে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিকাশ। তাঁর সাফ কথা, সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে। রিভিউ পিটিশন করেও কোনও লাভ হবে না।
চাকরিহারাদের ১০ জনের একটি প্রতিনিধি দল এদিন বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিল। তাঁদের আরও একটি বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বলেছেন, যোগ্য-অযোগ্যদের যে তালিকায় ৭ হাজার ২৫০ জনের কথা বলা হচ্ছে সেই সংখ্যাও নাকি ঠিক নয়। বিকাশের দাবি, আরও বেশ কয়েকজন রয়েছে এই অযোগ্য তালিকায়। ফলত সবমিলিয়ে বিকাশের বাড়ি থেকে নিরাশ হয়েই ফিরতে হয়েছে চাকরিহারাদের।
এদিকে শনিবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষকরা জানান, তাঁদের ইস্যু এবার সংসদে তোলার ব্যাপারে সমস্ত সাংসদদের সমস্যার কথা জানিয়ে চিঠি দেবেন। তাঁরা আরও জানিয়েছেন, সোমবারের মধ্যে সরকারের পক্ষ থেকে কথা বলতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা করতে চান চাকরিহারারা। কোনও সদুত্তর না পেলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা।
বস্তুত, বিকাশ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা চাকরি হারিয়েছেন। ২০১৬ সালের এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন তাঁরা।