তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত ২৪ মার্চ কমিশনকে একটি চিঠি দিয়ে ভবানীপুর বিধানসভা (West Bengal Assembly Election 2026) কেন্দ্রের (১৫৯-ভবানীপুর) বর্তমান রিটার্নিং অফিসারের পোস্টিং নিয়ে অভিযোগ জানানো হয়েছিল।

শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 26 March 2026 20:39
দ্য ওয়াল ব্যুরো: হাই-ভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে ঘাসফুল শিবিরের আপত্তির মুখে নতিস্বীকার করল নির্বাচন কমিশন (Election Commssion)। মঙ্গলবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভবানীপুরের বর্তমান রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, তার প্রেক্ষিতেই এবার দ্রুত রদবদলের পথে হাঁটল কমিশন। নবান্নের কাছে ওই পদের জন্য নতুন তিন জন যোগ্য আধিকারিকের নামের প্যানেল চেয়ে পাঠাল কমিশন।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত ২৪ মার্চ কমিশনকে একটি চিঠি দিয়ে ভবানীপুর বিধানসভা (West Bengal Assembly Election 2026) কেন্দ্রের (১৫৯-ভবানীপুর) বর্তমান রিটার্নিং অফিসারের পোস্টিং নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। শাসকদলের দাবি ছিল, ওই আধিকারিক অতীতে নন্দীগ্রামের বিডিও থাকাকালীন বিরোধী দলনেতার ‘ঘনিষ্ঠ’ হিসেবে কাজ করেছেন। এই অভিযোগ খতিয়ে দেখার পরেই কমিশন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে নতুন প্যানেল পাঠানোর নির্দেশ দিয়েছে।
কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে তিন জন উপযুক্ত আধিকারিকের নামের তালিকা কমিশনকে পাঠাতে হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নবান্নের পক্ষ থেকে সেই তালিকা এখনও কমিশনের হাতে এসে পৌঁছয়নি।
ভবানীপুরে ভোটের লড়াইকে ঘিরে ইতিমধ্যেই চরম উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতার কারণে এই কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা রাজ্যের। এরই মধ্যে নতুন করে বিতর্কের সূত্রপাত হয় ওই রিটার্নিং অফিসার নিয়োগকে ঘিরে। মঙ্গলবার ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস। কমিশন সূত্রে খবর, নবান্ন থেকে তিন জনের নামের তালিকা জমা পড়লেই তাঁদের মধ্যে থেকে একজনকে ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হবে।